২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ চীনের

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার নজরদারি করছে বলে অভিযোগ তুলেছে চীন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 06:00 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

‘চায়না ইন্টারনেট মিডিয়া রিসার্চ সেন্টারের’ প্রতিবেদন অনুযায়ী চীনের শীর্ষ সরকারি কর্মকর্তা, ব্যবসা প্রতিষ্ঠান আর মোবাইল ফোন ব্যবহারকারীদের উপর অনৈতিক সাইবার নজরদারি চালাচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁসকরা নথির সূত্র ধরে তদন্তে নেমেছিল চীনের ওই সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাইবার নজরদারি প্রমাণ হয়েছে ওই তদন্ত শেষে।

“সুপাওপাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত সুযোগ নিয়ে অনৈতিকভাবে মিত্রসহ বিশ্বের বিভিন্ন দেশের উপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।” --বলা হয়েছে চায়না ইন্টারনেট মিডিয়া রিসার্চ সেন্টারের ওই প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করা হয়েছে ওই প্রতিবেদনে।   

সম্প্রতি সাইবার অপরাধের অভিযোগে চীনের পাঁচ সামরিক কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনাও মেনে নেয়নি চীন। এই ঘটনাকে চীন সরাসরি ‘যুক্তরাষ্ট্রের ভণ্ডামি’ বলে মন্তব্য করেছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে ওয়াশিংটনের এক শীর্ষ কর্মকর্তা লাস ভেগাসে অনুষ্ঠিত হ্যাকারদের বার্ষিক ডেফ কন এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার্স কনফারেন্সে চীনা হ্যাকারদের অংশগ্রহণ বন্ধে তাদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার প্রস্তাব তুলেছেন এমনটাও শোনা যাচ্ছে।