২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকাল গান ও ভ্রমণেও আইপ্যাড

বিজ্ঞাপনের মাধ্যমে আইপ্যাড ব্যবহার করে সৃজনশীল কাজ করতে প্রেরণা দিয়েছিল অ্যাপল। সম্প্রতি অ্যাপল তাদের ভিডিওতে এরকম দুই জন ব্যক্তির উপর ফোকাস করেছে, যারা নিজেদের সৃজনশীল পেশাদারি কাজের জন্য নির্ভর করেন আইপ্যাডের উপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:33 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এ দুই ব্যক্তির একজন ফিনল্যান্ডের ক্লাসিকাল সুরকার ও গীতিকার, আর অন্যজন বাকপ্রতিবন্ধীদের ভ্রমণবিষয়ক ব্লগার।

ক্লাসিকাল সুরকার ও গীতিকার ফিনল্যান্ডবাসী এসা-পেক্কা সালোনেন জানিয়েছেন, তিনি গান লেখার জন্য ডিভাইসটিকে কীভাবে ব্যবহার করেন। এ ছাড়াও আইপ্যাডের জন্য অর্কেস্ট্রা নামের একটি অ্যাপও বানিয়েছেন সালোনেন।

অ্যাপ প্রসঙ্গে সালোনেন জানিয়েছেন, “ক্লাসিকাল গানের প্রতি আমার যে ভালোবাসা তা শেয়ার করতে এবং বিষয়টিকে আরও সহজবোধ্য করতেই অর্কেস্ট্রা অ্যাপটি তৈরি করেছি।”

অন্যদিকে শেরি কিং বাকপ্রতিবন্ধীদের ভ্রমণসংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করেন। নিজেকে ব্লগার হিসেবেই দাবি করেন তিনি। কিং আইপ্যাডের সাহায্যে ব্লগ লিখে, ভাষা পরিবর্তন করে এবং ভিডিও চ্যাটের মাধ্যমে বাকপ্রতিবন্ধীদের ভ্রমনে সাহায্য করেন। কিং তার কাজ প্রসঙ্গে বলেছেন, “অন্যান্য বাকপ্রতিবন্ধীদের ভ্রমণে সহযোগিতা করার ইচ্ছা থেকেই আমি ব্লগ লেখা শুরু করেছিলাম।”

বিগত পাঁচ বছরে ২৩টি দেশ ভ্রমণ করেছেন কিং। আইপ্যাড সম্পর্কে তার মন্তব্য হলো, ঘুরতে বের হওয়া এবং বিশ্বকে দেখার জন্য তার যেসব টুল দরকার তার সবই আইপ্যাড তাকে দিয়েছে… এটিই তার কম্পাস এবং গাইড।