২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেন্ট নির্মাতাদের জন্য আলাদা ইউটিউব অ্যাপ

কন্টেন্ট নির্মাতাদের জন্য আলাদা অ্যাপ নিয়ে আসছে ওয়েব জায়ান্ট গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। নতুন অ্যাপটিতে কন্টেন্ট নির্মাতাদের ভিডিও ধারণে সহায়তা করতে কিছু সংখ্যক ফিচারও থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 05:32 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, কন্টেন্ট নির্মাতাদের জন্য অ্যাপ তৈরির বিষয়টি ইউটিউব শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ইউটিউবের দেয়া তথ্য অনুসারে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা নতুন ফিচার নিয়ে আসছে। চ্যানেল নিয়ন্ত্রনের জন্য আলাদা অ্যাপসহ, ভক্তরা নির্মাতাদের সরাসরি অর্থও পাঠাতে পারবেন সম্ভাব্য ফিচারগুলোর সাহায্যে। এ ছাড়া নির্মাতারা ভিডিও উপভোগকারীদের স্বতস্ফুর্ত বার্তাগুলোও পড়তে পারবেন।

কন্টেন্ট নির্মাতাদের অর্থ উপার্জনের জন্য নতুন পথ তৈরি করে দিতেই নতুন এ সুযোগ সুবিধা নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং সাইটটি। এ প্রসঙ্গে নির্মাতা পণ্য ব্যবস্থাপনা পরিচালক ম্যাট গ্লোটজবাক জানিয়েছেন, নতুন এ ফিচারগুলো তাদের জরিপের ফসল। ইউটিউব বছরে দুইবার তাদের অনলাইন তারকাদের প্রতিক্রিয়া সংগ্রহ করে এ জরিপটি করেছে।