স্যামসাং-এলজির ফোনে স্যাফায়ার ডিসপ্লে
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পথ অনুসরণ করে এবার স্মার্টফোনে স্যাফায়ার ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক দুই শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং ও এলজি।
আইফোনে ৬-এ অ্যাপল স্যাফায়ার ডিসপ্লে ব্যবহার করবে এমনটা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে স্যামসাং আর এলজি কবে নাগাদ স্যাফায়ার ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনবে, কোন মডেলের স্মার্টফোনে নতুন ডিসপ্লে ব্যবহৃত হবে তা এখনও পরিষ্কার নয়।
স্যামসাং ও এলজি স্মার্টফোনে স্যাফায়ার ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে গোপন সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা। সাইটটির প্রতিবেদন অনুযায়ী, একাধিক স্যাফায়ার গ্লাস নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে স্যামসাং ও এলজি। প্রোডাক্ট স্যাম্পল চাওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে।
স্যাফায়ার ডিসপ্লে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান দুটির বিবেচনায় আছে এমন খবর শোনা যাচ্ছিল ২০১৩ সালের শেষ দিক থেকেই। তবে স্যাফায়ার ডিসপ্লে ব্যয়বহুল হওয়ায় ওই প্রযুক্তি ব্যবহারের চিন্তা প্রতিষ্ঠানদুটি বাদ দিয়েছে বলেই খবর ছিল বাজারে।
অ্যাপলের পর স্যামসাং আর এলজি স্যাফায়ার ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝোঁকায় সবচেয়ে বড় প্রশ্নটি এখন স্যাফায়ার ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের দাম নিয়ে। স্যাফায়ার ডিসপ্লে ব্যয়বহুল হওয়ায় স্মার্টফোনের দামটাও যে বেশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্মার্টফোনের এই বাড়তি দামে ক্রেতা প্রতিক্রিয়া আর স্মার্টফোন বাজারের উপর এর প্রভাব কী হবে তা এখনও পরিষ্কার নয়।
