তদন্তের মুখে ইবে
হ্যাকার আক্রমণে অসংখ্য গ্রাহক ডেটা বেহাত হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের সম্মুখীন হতে হচ্ছে অনলাইন নিলাম প্রতিষ্ঠানটি ইবে’কে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার ও ইউরোপিয়ান ডেটা কর্তৃপক্ষ একত্রে কাজ করছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রেরও তিনটি অঙ্গরাজ্যে ইবে গ্রাহকদের চুরি হয়ে যাওয়া নাম, ইমেইল অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য নিয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠান ইবে থেকে ১৪ কোটি ৫০ লাখেরও বেশি গ্রাহকের ডেটা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নতুন করে পাসওয়ার্ড দেয়ার ব্যাপারটি জানানোর প্রক্রিয়া শুরু করলেও কিছু সংখ্যক গ্রাহক পাসওয়ার্ড পরিবর্তনের সময় সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।
তবে ইবে’র পক্ষ থেকে জানানো হয়েছে, সাইটের পাসওয়ার্ড পরিবর্তনের ফাংশনে কোনো কারিগরি সমস্যা হচ্ছে এমন বিষয়ে তারা অবগত নন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, “সাইটটি ব্যস্ত, কিন্তু আমাদের নিরাপদ পাসওয়ার্ড পুনপরিবর্তন টুল কাজ করছে।”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাসওয়ার্ড পরিবর্তনের ইমেইলগুলোতে কোনো লিংক নেই। গ্রাহকদের লিংক যুক্ত বার্তা থেকে সাবধান থাকার ব্যাপারেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এ বিষয়ে বলেছে, “আমরা লক্ষাধিক ইমেইল পাঠাচ্ছি, এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে প্রক্রিয়াটি বেশ ভালোভাবেই চলছে।”
হ্যাকিংয়ের কবলে পড়ার বিষয়টি তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইবে। গ্রাহকদের এতো দেরিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর জন্যই প্রতিষ্ঠানটিকে তোপের মুখে পড়তে হয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
