সংবাদকর্মীদের সতর্ক করল বিবিসি
যুক্তরাজ্যের রাজনৈতিক দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টিকে (ইউকিপ) কেন্দ্র করে বিবিসি সাংবাদিকের টুইটবার্তার ঘটনাটির পরপরই ‘সামাজিক মাধ্যমে নির্বোধ আচরণ’ করতে মানা করা হয়েছে বিবিসির সংবাদকর্মীদের।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউকিপকে বর্ণবৈষম্য ও যৌনবৈষ্যম্যবাদী বলে টুইট করেছিলেন সংবাদমাধ্যম বিবিসি চ্যানেলের সম্পাদক জেসমিন লরেন্স।
লোকাল কাউন্সিল এবং ইউরোপিয়ান নির্বাচনের আগের দিনটিতেই এ টুইট বার্তা পোস্ট করেন লরেন্স। লরেন্স সে আলোচিত টুইটবার্তায় লিখেছিলেন, "#WhyImVotingUkip – to stand up for white, middle class, middle aged men w sexist/racist views, totally under represented in politics today."।
পরবর্তীতে লরেন্স নিজস্ব অ্যাকাউন্টটি ডিলিট করলেও তাকে বিবিসি’র নির্বাচন কভারেজ টিম থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে বিবিসি নিউজ কর্পোরেশন।
এ ঘটনার পর সোশাল মিডিয়া সংক্রান্ত নিয়মগুলো আবারও মনে করিয়ে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিবিসি সংবাদকক্ষ প্রধান মেরি হকাডে সাংবাদিকদের ইমেইল পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইমেইল বার্তায় হকাডে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার পরামর্শ দেন এবং সামাজিক মাধ্যমে এমন কোনো কিছু করতে নিষেধ করেন যার ফলে বিবিসি’র সুনাম নষ্ট হতে পারে।
এ ছাড়াও সামাজিক মাধ্যম প্রসঙ্গে হকাডে বলেছেন, “সামাজিক মাধ্যম এখন আমাদের কাজের গুরুত্বপূর্ণ অংশ, এর মাধ্যমে আমরা নতুন ব্যক্তিদের কাছে সংবাদ পৌঁছে দিতে পারি, মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারি এবং ঘটনা ঘটলে আমরা সে সংক্রান্ত খবর সংগ্রহ করতে পারি।”
