২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আদালতে অ্যাপল-স্যামসাং

মোবাইল পেটেন্ট লংঘন করে নির্মিত স্যামসাং প্রযুক্তিপণ্যের ফিচারগুলো আদালতের সাহায্যে বন্ধ করতে চাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। মে মাসের শুরুর দিকের মামলার রায়ে জানা গিয়েছিল, টেক জায়ান্ট অ্যাপলের তিনটি মোবাইল পেটেন্ট লংঘন করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 05:25 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, শুক্রবার এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ আদালতে নথিভুক্ত করেছে অ্যাপল।

রায় অনুযায়ী, অ্যাপলের ‘কুইক লিংক’ ‘স্লাইড টু আনলক’ এবং ‘অটোমেটিক ওয়ার্ড কারেকশন’ পেটেন্ট তিনটি লংঘন করেছে স্যামসাং। এখন অ্যাপল দাবি করছে, স্যামসাংয়ের যেসব ডিভাইসে এ ফিচারগুলো চলছে সেসব ডিভাইস থেকে ফিচারগুলো সরিয়ে নিতে হবে।

স্যামসাংয়ের গ্যালাক্সি নেক্সাস, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি এস ২ এপিক ৪জি টাচ, গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি এস ২ এপিক ৪জি টাচ, গ্যালাক্সি এস ২ স্কাইরকেট, গ্যালাক্সি এস থ্রি এবং স্ট্র্যাটোস্ফিয়ার ফোনগুলোতে এ ফিচারগুলো রয়েছে। ডিভাইসগুলো থেকে ফিচারগুলো সরিয়ে নেয়ার জন্যই আবারও মামলায় জড়িয়েছে অ্যাপল।

ভবিষ্যতের নতুন ডিভাইসগুলোতেও যাতে অ্যাপলের পেটেন্ট করা ফিচারগুলো ব্যবহার না করা হয় সে বিষয়ে আদালতে অনুরোধ জানিয়েছেন অ্যাপল পক্ষের আইনজীবীরা।

এ প্রসঙ্গে অ্যাপলের আইনজীবীরা জানিয়েছেন, স্যামসাং তার ভবিষ্যত ডিভাইসগুলোতেও এভাবে অ্যাপলের পেটেন্ট করা ফিচার ব্যবহার করতে থাকলে প্রতিষ্ঠানটির অপূরণীয় ক্ষতি হবে।

অন্যদিকে শুক্রবার এ মামলার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করে এক আংশিক মামলার আবেদনও জানিয়েছে অ্যাপল।