২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বানাচ্ছে স্যামসাং!

ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) পণ্যের বাজার ধরতে নাকি উঠে-পরে লেগেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বহুল আলোচিত অকুলাস রিফটের মতোই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বানাচ্ছে প্রতিষ্ঠানটি। সব কাজ পরিকল্পনা মতো হলে এ বছরের বাজারে আসতে পারে স্যামসাংয়ের ভিআর হেডসেট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:41 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, ডেভেলপারদের কাছে এর মধ্যেই পৌঁছে গেছে ডিভাইসটির একাধিক প্রোটোটাইপ। কেবল পিসি বা গেইমিংয়ের আনুসঙ্গিক ডিভাইস হিসেবে নয় বরং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে ব্যবহারের উপযোগী করে ভিআর হেডসেটটি বানাচ্ছে গুগল।

ভার্চুয়াল রিয়ালিটি পণ্যের বাজারে সবচেয়ে আলোচিত দুটি ডিভাইস এখন অকুলাস রিফট আর সনির মরফিয়াস ভিআর হেডসেট। সম্প্রতি শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক অকুলাস কিনে নেয়। ফলে স্যামসাং এ ক্ষেত্রে শুধু সনি আর অকুলাসের সঙ্গে নয়, লড়বে ফেইসবুকের সঙ্গেও।

ম্যাশএবলের প্রতিবেদনে অনুযায়ী, ভিআর হেডসেট দৌড়ে ফেইসুবক-অকুলাস জুটি আর সনির আগেই বাজারে নিজেদের অবস্থান গড়ে নিতে চাইছে স্যামসাং। স্মার্টওয়াচের ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নিয়েছিল স্যামসাং। গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচের প্রথম সংস্করণের অভিষেক ২০১৩ সালের সেপ্টেম্বরে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর স্মার্টওয়াচ বাজারে আসার আগেই। কিন্তু দাম আর নিম্নমানের কারণে সমালোচক, টেকবোদ্ধা আর ব্যবহারকারীদের কাছ নেতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছিল বেশি।

ওএলইডি স্ক্রিন থাকবে স্যামসাংয়ের ভিআর হেডসেটে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর থেকে কমদামে বাজারজাত করা হেডসেটটির মূল লক্ষ্য হবে গেইমাররা-- বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।

অন্যদিকে ল্যাগিং এড়াতে ডিভাইসটিতে তারের সংযোগ থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেছে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট এন্ডগ্যাজেট।