২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে বিজ্ঞাপন গাড়ি-ফ্রিজ-ঘড়িতে

রেডিও-টেলিভিশন, কম্পিউটার সফটওয়্যার আর স্মার্টডিভাইস অ্যাপের গণ্ডি ছাড়িয়ে ভবিষ্যতের বিজ্ঞাপন পৌঁছে যাবে গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে ঘরের রেফ্রিজারেটর আর হাতঘড়িতে-- এমন ভবিষ্যদ্বাণী করেছে গুগল। সম্প্রতি প্রকাশিত ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নথি থেকে বেরিয়ে এসেছে এই তথ্য।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:36 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগল স্মার্ট প্রযুক্তিকেন্দ্রিক হোম অটোমেশন প্রতিষ্ঠান ‘নেস্ট ল্যাব’ কিনে নেয় এ বছরের জানুয়ারিতে। এ জন্য গুগল প্রয়োজনীয় নথিপত্র এসইসির কাছে জমা দিয়েছিল ২০১৩ সালের ডিসেম্বর মাসে। এসইসির কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনেই হোম অটোমেশন পণ্যের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে ওই ভবিষ্যদ্বাণী করেছিল ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এসইসির ওই দলিল সম্প্রতি প্রকাশ হওয়ার পর প্রশ্ন উঠেছে নেস্ট পণ্যে বিজ্ঞাপনের প্রচারের সম্ভবনা নিয়ে। ইন্টারনেট নিয়ন্ত্রিত থার্মোস্ট্যাট তৈরির জন্য আলোচিত এই প্রতিষ্ঠানটি।

তবে নেস্ট পণ্যে বিজ্ঞাপনের উপস্থিতি কখনও মাত্রা ছাড়াবে বলে মন্তব্য করেছেন সিইও টনি ফেডাল।

নিউজ সাইট রিকোডকে ফেডাল বলেন, “বিজ্ঞাপনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো কারণ আসলে নেই। সত্যি কথা বলতে গেলে নেস্ট বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিয়ে থাকে।”

তবে নেস্টের তৈরি ডিভাইসে সরাসরি বিজ্ঞাপন প্রচার করার আপাতত কোনো সম্ভবনা নেই ইঙ্গিত করে ফেডাল বলেন-- “নেস্টের ইউজার এক্সপেরিয়েন্সের সঙ্গে সরাসরি বিজ্ঞাপন প্রচারের ব্যাপারটি ঠিক যায় না বলে মনে করি আমরা।”

৩.২ বিলিয়ন ডলারের বিনিময়ে গুগলের মালিকানায় গেলেও নেস্টের নিয়ন্ত্রণ সবসময় নিজের হাতে থাকবেই বলে দাবি করেছেন ফেডাল। অন্যদিকে নেস্ট ল্যাব থেকে বিজ্ঞাপননির্ভর কোনো পণ্য বাজারজাত করার লক্ষ্য নেই বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে গুগল।

গুগলের আয়ের ৯৫ ভাগ এবং লাভের প্রায় পুরোটাই আসে অনলাইন বিজ্ঞাপন থেকে। তবে বিনিয়োগকারীদের অনেকেরই সন্দেহ প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাড থেকে আয়ের পরিমাণ তুলনামূলক কম।