সমঝোতায় প্রধান চার প্রযুক্তি প্রতিষ্ঠান
কর্মচারীদের করা মামলার নিষ্পত্তির জন্য সিলিকন ভ্যালির প্রধান চার প্রযুক্তি প্রতিষ্ঠানকে গুণতে হচ্ছে ৩২ কোটি ৪৫ লাখ ডলার। অবশেষে সমঝোতার মাধ্যমেই টেক জায়ান্ট অ্যাপল, ওয়েব জায়ান্ট গুগল, চিপ জায়ান্ট ইনটেল এবং সফটওয়্যার নির্মাতা এডোবি কর্মচারীদের দাবি মেনে নিচ্ছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসের ফেডারেল আদালতের সহায়তায় মামলা অবসানের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
এক প্রতিষ্ঠানের কর্মীকে অন্য প্রতিষ্ঠানে যাতে চাকরির মাধ্যমে নিয়ে যাওয়া না হয়, সে ব্যাপারে প্রধান এ চার প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের মধ্যে একটি অনানুষ্ঠানিক চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালে মামলা ঠুকে দিয়েছিল প্রতিষ্ঠানগুলোর ৬৪ হাজার কর্মচারীর পক্ষে চার জন কর্মচারী।
তাদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানগুলো এ গোপন আঁতাতের মাধ্যমে তাদের প্রতিভায় হস্তক্ষেপ করে প্রতিযোগিতার ক্ষেত্র সীমাবদ্ধ করে দিয়েছে।
সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা কমানো এবং প্রকৌশলী, প্রোগ্রামার ও অন্যান্য প্রযুক্তিগত কর্মচারীদের পারিশ্রমিক কম রাখার ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত মামলাটিতে কর্মচারীদের প্রতিনিধিত্ব করেছে দুটি আইনি প্রতিষ্ঠান। পারিশ্রমিক হিসেবে প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের প্রাপ্য মোট ক্ষতিপূরণের ২৫ শতাংশ নিতে পারেন বলে জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবারে সমঝোতার পরপরই প্রত্যেক কর্মচারীকে গড়ে কয়েক হাজার ডলার করে দেওয়া হয়েছে।
মামলা প্রসঙ্গে কর্মচারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী জোসেফ সাভেরি বলেন, “নিষ্পত্তির জন্য গ্রহণকৃত অর্থের পরিমাণ মামলা করা প্রতিষ্ঠানগুলোর সুনাম বা মুনাফার সঙ্গে সম্পৃক্ত নয়। এটি আমাদের দাবির সঙ্গে সম্পৃক্ত, আইন তাদের উপরেও বর্তায় এ বিষয়টিই আমরা মামলায় প্রমাণ করেছি। সে ভিত্তিতে আমি মনে করি, এ সমঝোতা একটি চমৎকার অর্জন।”
তবে মামলা নিষ্পত্তিতে অর্থ প্রদানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেনি বলেই জানিয়েছে রয়টার্স।
এদিকে মামলার অন্যতম বাদি মাইকেল ডিভাইন মন্তব্য করেছেন, এই চার প্রযুক্তি জায়ান্ট অল্পতেই পার পেয়ে গেল।
