২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্স-মেন ভক্তের ম্যাগনিটো শু!

একদিকে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘X-Men: Days of Future Past’ অন্যদিকে সিনেমার ম্যাগনিটোকে অনুকরণ করতে তরুণ উদ্ভাবক কলিন ফার্জ বানিয়ে বসেছেন ‘ম্যাগনিটো শু’।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:19 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সিনেমা বা কমিক্সের ম্যাগনিটোর মতো বিদ্যুৎচৌম্বকিয় ক্ষেত্র তৈরি করে আশপাশের ধাতব বস্তু হয়তো বাতাসে ভাসাতে বা নিজেই ভেসে বেড়াতে পারবেন না ফার্জ, তবে জুতো জোড়ার বদৌলতে ঠিকই হাঁটতে পারছেন ঘরের সিলিংয়ে।     

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফার্জকে এক কথায় বলা চলে এক্স-মেন সিরিজের পাগলাটে ভক্ত। এক্স-মেন সিরিজের প্রিয় চরিত্রগুলোর সুপার পাওয়ার হাতের মুঠোয় আনতে তার সহায় আধুনিক প্রযুক্তি। শুরুটা করেছিলেন ‘উলভারিন ক্ল’ দিয়ে। আর এবার বানিয়ে বসেছেন ‘ম্যাগনিটো শু’।

এক্স-মেন সিরিজে সিংহভাগ সময় জুড়ে ম্যাগনিটোর উপস্থিতি ভিলেন হিসেবে। ইলেকটোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ধাতব বস্তু ইচ্ছে মতো ব্যবহার করতে পারে ম্যাগনিটো। উড়তে না পালেও ম্যাগনেটিক প্লাটফর্ম তৈরি করে বাতাসে ভেসে থাকার ক্ষমতাও আছে জনপ্রিয় এই কমিক চরিত্রের।

ম্যাগনিটোর সবগুলো সুপার পাওয়ার এখনও ফার্জের নাগালের বাইরে। তবে ম্যাগনেটিক জুতো জোড়া দিয়ে আসল ম্যাগনিটোর মতোই দিব্যি ঘরের সিলিংয়ে হেঁটে বেড়ানোর উপায় বের করে নিয়েছেন ঠিকই।

এর মধ্যেই ‘ম্যাগনিটো শু’ পায়ে ঘরের সিলিংয়ে হেঁটে বেড়ানোর ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন ফার্জ। ভিডিওতে ঘরের সিলিংয়ে শুধু হেঁটেই খান্ত হননি তিনি। সুযোগ বুঝে সিলিংয়ে ঝুলেই পটাটো চিপস চিবিয়েছেন, দেখিয়ে দিয়েছেন তার ডিভাইসের ক্ষমতা।