২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল প্রথম বিডিনগ সম্মেলন

শুক্রবার রাজধানীতে শুরু হল দুদিনের প্রথম বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ (বিডিনগ) সম্মেলন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 05:21 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান জানান, সম্মেলনে মূল উদ্দেশ্য হচ্ছে বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন গবেষণা সম্পাদন, আইসিটিতে স্থানীয় প্রতিভাদের আন্তর্জাতিক পর্যায়ে সহায়তা দেওয়া এবং বাংলাদেশের জন্য আরও ভালো ইন্টারনেটের জন্য সহায়তা করা।

২৩ মে পান্থপথের বসুন্ধরা সিটি টাওয়ারের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমস্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এপনিক মহাপরিচালক পল উইলসন এবং আইক্যান এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইউ-চুয়াং কোয়েক, এপনিক নির্বাহী কমিটির সদস্য গৌরব রাজ উপাধ্যয়া, বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির ও বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, “বিডিনগের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ বিশেষ করে ইঞ্জিনিয়াররা অনেক উপকৃত হবেন বলে আমি আশা করছি।”

জুনায়েদ আহমেদ পলক বলেন, “এই সম্মেলনের মূল উদ্দেশ্য যদিও ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের ব্যপ্তি বাড়ানো, তবুও আমি আশা করবো সামনের দিকে প্রযুক্তিতে আগ্রহী লোকজনকেও এ ধরনের সম্মেলনে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।”

এপনিকের মহাপরিচালক পল উইলসন বলেন, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার সম্প্রসারণে বিডিনগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশের অনেক ইন্টারনেট প্রফেশনালস দরকার। এপনিক এক্ষেত্রে ট্রেনিং সুবিধা দিতে পারে কিন্তু স্থানীয় আইসিটি ইন্ড্রাস্ট্রিকে যুগোপযুগী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তৈরির দিকে বেশি মনোযোগ দিতে হবে।