২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হ্যাকিংয়ের শিকার ইবে

অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবে ইনকর্পোরেটের নেটওয়ার্ক থেকে সাড়ে ১৪ কোটি ব্যবহারকারীর রেকর্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ইবের দেওয়া তথ্য অনুসারে, ঘটনাটি ঘটেছে তিনমাস আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:34 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রচুর সংখ্যক অ্যাকাউন্ট রেকর্ড হাতিয়ে নেওয়ায় হ্যাকিংটিকে ইতিহাসের অন্যতম বৃহৎ ডেটা হাতিয়ে নেওয়ার ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ডেটা বেহাত হবার ঘটনাটি ফেব্রুয়ারির শেষভাগ থেকে মার্চের শুরুর দিকের সময়ে ঘটেছে।

হাতিয়ে নেওয়া রেকর্ডে ইবে গ্রাহকদের পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস, জন্মতারিখ, মেইলিং অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য থাকলেও ক্রেডিট কার্ড নাম্বারের মতো কোনো আর্থিক ডেটা ছিল না বলেই প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এ প্রসঙ্গে ইবে’র মুখপাত্র আমান্ডা মিলার বলেছেন, “এ ঘটনায় ইবে গ্রাহকদের উপর কোন প্রভাব পড়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা জানি না তারা পাসওয়ার্ডগুলো ডিক্রিপ্টেড করছে কি না কারণ বিষয়টি সহজ নয়।”

মিলার আরও জানিয়েছেন, এ বিষয়ে তদন্তে সহায়তার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফায়ারআই ইনকর্পোরেটের ফরেনসিকস বিভাগকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা ইবে গ্রাহকদের জালিয়াতির বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষত অন্য অ্যাকাউন্টেও একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকলে।