২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সারফেস প্রো থ্রি আনল মাইক্রোসফট

নতুন সারফেস প্রো থ্রি ট্যাবলেট লঞ্চ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:58 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বলা হচ্ছে, বাজারে প্রচলিত ছোট ডিসপ্লের ল্যাপটপগুলোর সঙ্গে সরাসরি লড়াই করবে ১২ ইঞ্চির ডিসপ্লে এবং কোর আই৭ প্রসেসরের নতুন সারফেস ট্যাবলেটটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ৯.১ মিলিমিটার পুরু সারফেস ট্যবলেটের নতুন মডেলটির ওজন ৮০০ গ্রাম। কিবোর্ড ছাড়া সারফেস প্রো থ্রি অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপের চেয়েও হালকা এবং পাতলা বলে দাবি করেছে মাইক্রোসফট। সারফেসের পুরনো মডেলগুলোর তুলনায় ৪৫ শতাংশ জোরে আওয়াজ আসবে প্রো থ্রির স্পিকার থেকে, আছে ২১৬০ বাই ১৪৪০ পিক্সেলের ডিসপ্লে এবং পেন ইনপুটও।

মাইক্রোসফটের দাবি সারফেস ট্যাবলেটের পুরনো মডেলের থেকে ১০ শতাংশ ভালো পারফর্মেন্স সারফেস প্রো থ্রির। ট্যাবলেটটির নতুন ভার্সনের সঙ্গে নতুন ডকিং স্টেশনের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ডকিং স্টেশনে থাকবে ফোরকে ডিসপ্লে সাপোর্ট।

সারফেন ট্যাবলেট অ্যাক্সেসরিসেও এসেছে বড় পরিবর্তন। ১৫০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে ট্যাবলেটটির কিকস্ট্যান্ড। সারফেস থ্রি প্রোর কাভারেও যোগ হয়েছে ট্র্যাকপ্যাড। আর পায়ের উপর রেখে কাজ করার জন্য রয়েছে ম্যাগনেটিক স্ট্রিপ।