আমেরিকায় হ্যাকিংয়ে অভিযুক্ত চীনা সেনা
৫ চীনা সামরিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের একাধিক ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানের উপর হ্যাকিং এবং সাইবার এসপিওনাজের অভিযোগ এনেছে মার্কিন আদালত। অভিযুক্ত সেনা কর্মকর্তারা পাঁচটি মার্কিন প্রতিষ্ঠান এবং একটি লেবার ইউনিয়নের ‘টেড সিক্রেট’ এবং অভ্যন্তরীন নথিপত্র চুরি করেছেন বলে মামলার শুনানিতে অভিযোগ করেন বাদীপক্ষের আইনজীবি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার-এসপিওনাজ মামলার ইতিহাসে এই ধরনের মামলা এটাই প্রথম। অভিযুক্তদের বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ নেওয়ার দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।
মার্কিন আদালতের সব অভিযোগ অস্বীকার করেছে চীন। শুধু তাই নয়, মামলার ফলে চীন-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্থ হতে পারে বলেও হুশিয়ারি জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।
মার্কিন আদালতে সাইবার আক্রমণের শিকার যে প্রতিষ্ঠানগুলো কথা বলা হয়ে সেগুলো হল, ‘ওয়েস্টিংহাউজ ইলেকট্রিক, ইউএস স্টিল, আলকোয়া ইনকের্পারেটেড, অলইঘানি টেকনোলজিস, সোলার ওয়ার্লড এবং ইউএস স্টিলওয়ার্কার্স ইউনিয়ন।
“মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর কৌশলগত সুবিধা এবং চীনের স্বার্থের কারণে সাইবার আক্রমণ চালানো হয়েছিল।”-- বলছেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডিং।
ব্যবসায়িক খাতে কৌশলগত সুবিধা পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ‘ইকোনমিক এসপিওনাজ’ বেছে নেয় না বলেও দাবি করেন তিনি।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে উত্থাপিত অভিযোগ ‘বানোয়াট’ এবং এই ঘটনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র কিন গ্যাং।
যুক্তরাষ্ট্রের আদালতে যে ৫ চীনা সামরিক কর্মকর্তার উপর অভিযোগ আনা হয়েছে তারা হলেন, ‘ওয়াং দং, সুন কাইলিয়াং, ওয়েন জিনইয়ু, হুয়াং ঝেনইয়ু এবং গু চুনহুই। এদের সবার পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কর্মকর্তা।
২০০৬ থেকে ২০১৪ সালে মধ্যে ওই সাইবার এসপিওনাজের ঘটনায় সংস্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল বলে দাবি করেছে এফবিআই।
