২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটার’ ফিচার আসছে ফেইসবুকে

শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুকে যোগ হচ্ছে নতুন ফিচার ‘আই অ্যাম এ ভোটার’।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:22 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময় মার্কিন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো ফিচারটি এনেছিল ফেইসবুক। ওই ফিচারটি এবার শীর্ষ সোশাল মিডিয়ায় ফিরছে বিশ্বব্যাপী ব্যবহারকারীর জন্য।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে এসে ফেইসবুকের ‘আই অ্যাম এ ভোটার’ বাটন চেপেছিলেন ৯০ লাখ মার্কিন নাগরিক। নাগরিক দায়িত্ব পালনের খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন ফেইসবুক বন্ধুদের।

মাঝখানে অনুপস্থিত থাকলেও সম্প্রতি ভারতের নির্বাচনের সময় দেশটির ভোটারদের জন্য ফিচারটি ফিরিয়ে আনে ফেইসবুক। ৪০ লাখ ভারতীয় নাগরিক ক্লিক করেন ‘আই অ্যাম এ ভোটার’ বাটনে। যুক্তরাষ্ট্র আর ভারতের পর এ বছরে নির্বাচন হবে এমন সবগুলো দেশের ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করার ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

কলাম্বিয়া এবং ইউরোপে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই। ওই সময়ে দেশগুলোর নাগরিকরা তাদের প্রোফাইলে পাবেন ‘আই অ্যাম এ ভোটার’ ফিচারটি। বছরের শেষ দিকে একই সেবা পাবেন দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড এবং ব্রাজিলের ফেইসবুক ব্যবহারকারীরা।

ফেইসবুক ‘আই অ্যাম এ ভোটার’ নিয়মিত ফিচার হিসেবে যোগ করার ঘোষণা দিয়েছে সোমবার। বছর শেষে কম করে হলেও ৪০ কোটি ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি, যা কিনা ফেইসবুকের মোট ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি।

অন্যান্য ব্যবহারকারীর উপর ভোটারদের ইতিবাচক প্রভাবেরও কথা বলেছেন ফেইসবুক মুখপাত্র অ্যান্ডি স্টোন।

“কেউ যখন দেখে তার ফেইসবুক বন্ধুরা ভোট দিয়েছে, তখন সে নিজেও ভোট দিতে উদ্বুদ্ধ হয়।”-- বললেন স্টোন।