ইন্সটাগ্রামে গুগল অ্যাকাউন্ট!
ফটো-ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে অফিশিয়াল অ্যাকাউন্ট খুলে বসেছে গুগল। রুবিক্স কিউবের চার দশক পূর্তি উপলক্ষে ১৯ মে ইন্সটাগ্রামে নিজেদের অ্যাকাউন্ট চালু করে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাকাউন্ট খুলেই গুগল ডুডলের ভিডিও পোস্ট করেছে প্রতিষ্ঠানটি। আর গুগলের এক টুইটার পোস্ট অনুযায়ী আকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যে ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।
পরবর্তী পণ্য আর সেবা নিয়ে জানতে ট্যাবলয়েড আর প্রোমোশনাল টুইটের থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অফিশিয়াল অ্যাকাউন্টের উপর নজর রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন অনেক প্রযুক্তিপ্রেমী। আর প্রযুক্তিবাজারে গুগলের বর্তমান যে অবস্থান তাতে ইন্সটাগ্রামেও ‘রাজত্ব’ প্রতিষ্ঠা করতে হয়ত খুব বেশি সময় লাগবে না গুগলের।
তবে লক্ষ করার বিষয় হল, অনেকটা চুপিসারেই যেন সোশাল মিডিয়া ‘গুগল প্লাস’ বন্ধ করে দিয়েছে গুগল। ফলে শুধু ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী সংখ্যাই কমেনি, ফেইসবুক আর গুগলের মতো দুই জায়ান্টের মধ্যে বাজারে আধিপত্যের লড়াইয়ের ক্ষেত্রটাও কমে এসেছে।
