টুইচ কিনতে চাচ্ছে গুগল
ভিডিও-স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান টুইচ কিনতে চাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। রবিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের সূত্রে জানা গেছে, এ বিষয়টি নিয়ে কথা চলছে প্রতিষ্ঠান দুটির।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগল এবং টুইচ কর্মকর্তারা এ বিষয় সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সম্পূর্ণ বিষয়টিই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গুগলের কাছে বিক্রি হয়ে যাওয়ার বদলে নিজস্ব প্রয়োজনে অতিরিক্ত তহবিল সংগ্রহ করতেই আগ্রহী ভিডিও-স্ট্রিমিং সেবাদাতা এ প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে থ্রাইভ ক্যাপিটাল, ওয়েস্টসামিট ক্যাপিটাল অ্যান্ড টেক-টু ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার ইনকর্পোরেট ও অন্যান্য পক্ষ থেকে দুই কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি।
