পেটেন্ট মামলায় গতবছর শীর্ষে অ্যাপল
২০১৩ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পেটেন্ট মামলার মুখোমুখি হতে হয়েছিল টেক জায়ান্ট অ্যাপলকে। গতবছর মোট ৫৯টি পেটেন্ট মামলার মোকাবেলা করতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যানালেটিকস প্রতিষ্ঠান লেক্স মাচিনা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
লেক্স মাচিনা প্রতিবেদনের তথ্য অনুসারে, ৫০টি পেটেন্ট মামলার শিকার হয়ে এ তালিকার দ্বিতীয় স্থানেই ছিল অ্যামাজন। পেটেন্ট মামলার এ তালিকায় অ্যাপল ও অ্যামাজনের পাশাপাশি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি, গুগল, এইচটিসি ও এইচপি’র মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও রয়েছে। তালিকা অনুসারে, মোট ৩৯টি মামলা নিয়ে গুগলের অবস্থান ছিল চতুর্থ । অন্যদিকে ৩৪টি মামলার কবলে পড়ে দশম স্থানে ছিল এইচপি।
পেটেন্ট মামলার শিকার এ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ম্যাশএবল প্রতিবেদনে অনেকটা মজা করেই লিখেছে, মনে হচ্ছে সম্পূর্ণ প্রযুক্তি ইন্ডাস্ট্রিকেই তাড়া করেছিল পেটেন্ট মামলা!
