২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাবলেট বাজার হারাচ্ছে অ্যাপল

ট্যাবলেট ও স্মার্টফোনের ‘শংকর’ ফ্যাবলেটের বিক্রি প্রতিনিয়ত বাড়ছে এবং ক্রমশই সম্ভাব্য এই বাজার হাতছাড়া হচ্ছে অ্যাপলের। কারণ, এই প্রযুক্তি জায়ান্ট বিশেষ এই সেক্টরে একেবারেই হাত গুটিয়ে বসে আছে- এমন মন্তব্য করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 06:25 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

ক্যানালিসের সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকে রপ্তানিকৃত ২৭ কোটি ৯৪ লাখ স্মার্টফোনের এক তৃতীয়াংশের স্ক্রিনই ছিল পাঁচ ইঞ্চির চেয়ে বড়। এ আকৃতির স্ক্রিনসমৃদ্ধ ডিভাইসকেই সাধারণত ফ্যাবলেট বলা হয়ে থাকে।

এশিয়ার অঞ্চলগুলোতেই ফ্যাবলেট ও বড় স্ক্রিন ফোনের চাহিদা বেশি বলে জানিয়েছে ক্যানালিস। এবিআই অ্যানালেটিকসের তথ্য অনুসারে, অ্যাপল বাদে এ প্রান্তিকে যত স্মার্টফোন রপ্তানি হয়েছে সেগুলোর অধিকাংশেরই অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েড।

আইফোনের তুলনামূলক ছোট স্ক্রিন প্রসঙ্গে ক্যানালিসের বিশ্লেষক জেসিকা কিউয়ি জানিয়েছেন, বর্তমানে দামী ডিভাইসগুলোতে বড় আকৃতির ডিসপ্লে থাকবে এমনটাই আশা করেন ক্রেতারা। ফলে বিষয়টি নিয়ে অ্যাপলের ‘উদাসীনতা’ প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ হতে পারে।

অন্যদিকে ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টিম কউলিং বলেছেন, বড় স্ক্রিনের ফোন বাজারে না আনার ফলে অ্যাপল উল্লেখযোগ্য পরিমাণ আয় থেকেও বঞ্চিত হচ্ছে। কউলিং আরও মন্তব্য করেছেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা প্রয়োজন অ্যাপলের। বড় স্ক্রিনের ফোন নির্মাণ অ্যাপলের জন্য সুফল বয়ে আনবে। এ ছাড়াও অ্যাপলকে এইচটিসি বা স্যামসাংয়ের মতো বিভিন্ন আকৃতির ফোন সিরিজ নির্মাণের পরামর্শও দিয়েছেন কউলিং।

বড় স্ক্রিন প্রসঙ্গে কউলিং বলেছেন, “ব্রাউজিংয়ের জন্য বড় স্ক্রিন বেশ জরুরি। এতে এক স্ক্রিনেই অনেক তথ্য দেখা সম্ভব হয় যা সম্পূর্ণ বিষয়টিকেই আকর্ষণীয় করে তোলে।”

তবে বাজারে জোর গুজব, অ্যাপল এ বছরের শেষের দিকে বাজারে ৪.৭ ইঞ্চি স্ক্রিনের আইফোন আনতে যাচ্ছে এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ফোনও পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।