ডাইরেকটিভি যাচ্ছে এটিঅ্যান্ডটি মালিকানায়
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরাসরি সম্প্রচার সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ডাইরেকটিভি ৪৮৫০ কোটি ডলারে কেনার পরিকল্পনা করছে মার্কিন টেলিযোগাযোগ জায়ান্ট এটিঅ্যান্ডটি। এর ফলে মার্কিনিরা এখন মোবাইল ডিভাইসেই দেখতে পারবেন আরও বেশি ভিডিও।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
এ প্রসঙ্গে এটি অ্যাটিঅ্যান্ডটি সিইও র্যান্ডাল স্টিফেনসন এক কনফারেন্স কলে জানিয়েছেন, এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কয়েক বছরের স্বপ্নের অংশবিশেষ পূরণ হবে। এটি প্রিমিয়াম কন্টেন্ট নেয়া এবং তা গ্রাহকদের কাছে স্মার্টফোন, ট্যাবলেট টেলিভিশন বা ল্যাপটপের সাহায্যে পৌঁছে দেয়ার একটি সুযোগ।
ডাইরেকটিভির প্রধান মাইক হোয়াইটই নতুন মালিকানায় ব্যাবসাটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন র্যান্ডাল স্টিফেনসন। বর্তমানে এটিঅ্যান্ডটি-এর ইউ-ভার্স নামে একটি ভিডিও সেবা চালু রয়েছে। ডাইরেকটিভি কেনার পরও এ সেবাটি চালু থাকবে বলে জানিয়েছেন স্টিফেনসন। এক বছরের মধ্যেই এ বিষয়ে সব চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।
ডাইরেকটিভির চলতি দেনাসহ এই ক্রয়ে এটিঅ্যান্টটির মোট ৬,৭১০ কোটি ডলার খরচ হবে বলেই জানিয়েছে রয়টার্স। নিয়ন্ত্রকদের জটিলতা এড়াতে, বিশ্বের সাবেক শীর্ষধনী মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিমের প্রতিষ্ঠান আমেরিকা মোভিলের কাছেও ডাইরেকটিভির আট শতাংশ শেয়ার বিক্রি করবে এটিঅ্যান্ডটি।
