২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টেই আইফোন ৬!

এ বছরের অগাস্টেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে টেক জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোন। ব্যাপারটি ঘটলে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকদের অনুমিত সময়ের এক মাসে আগেই বাজারে আসবে আইফোন ৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যম সরবরাহকারী সূত্রে এ খবর প্রকাশ করেছে।

ইতোপূর্বে রয়টার্সকে দেয়া সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, স্ক্রিনভেদে আইফোন ৬-এর দুটি সংস্করণ বাজরে আনার কথা রয়েছে। আইফোন ৬-এর সংস্করণগুলোর স্ক্রিন হবে যথাক্রমে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি। পর্যবেক্ষকদের মতে, আইফোনের এই স্ক্রিন আকার বৃদ্ধি অ্যাপলকে স্মার্টফোন বাজারে দখল ফিরে পেতে সাহায্য করবে।

অন্যদিকে দ্য ইকোনোমিক ডেইলি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অগাস্টে আইফোন ৬-এর ৪.৭ ইঞ্চি স্ক্রিন সংস্করণ এবং সেপ্টেম্বরে ৫.৫ ইঞ্চি সংস্করণটি বাজারে আসবে। তবে, কোন কোন বাজারে আইফোন ৬ আগে ছাড়া হবে সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করেনি দৈনিকটি।

এ বছর দুটি সংস্করণ মিলিয়ে মোট আট কোটি আইফোন ৬ বাজারে আনবে অ্যাপল এমনটাও প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক ডেইলি।

অ্যাপল তাদের ‘গোপনীয়তার রেওয়াজ’ বজায় রেখেছে এবারও, প্রতিষ্ঠানটির কোনো সূত্র এ বিষয়ে কোনোরকম তথ্য জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।