শৌখিনরাই পরিবর্তন আনবে পরিধেয় পণ্যে
শৌখিন উদ্ভাবকরাই পরিধেয় প্রযুক্তি পণ্যে পরিবর্তন আনবে এমনটাই প্রত্যাশা করছেন চিপ জায়ান্ট ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাহজাননিচ। শনিবার সিলিকন ভ্যালির এক অনুষ্ঠানে ক্রাহজাননিচ অপেশাদার উদ্ভাবকদের এ বিষয়ে উৎসাহ দিয়েছেন।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্মার্টফোন বিক্রি আগের তুলনায় কমে যাওয়ায় ইন্টেলসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই ধারণা করছে ব্যক্তিগত কম্পিউটিংয়ে পরিধেয় প্রযুক্তি পণ্য নতুন ধারা নিয়ে আসবে।
ক্রাহজাননিচ মতে, স্বতন্ত্র উদ্ভাবকরা নিজস্ব চাহিদা পূরণের প্রয়োজনেই সফল পরিধেয় পণ্য তৈরি করবে। এ বিষয়ে ক্রাহজাননিচ বলেন, “ঠিক কোন সমস্যাটির সমাধান করতে চাচ্ছেন তা খুঁজে বের করাটাই হচ্ছে নিখুঁত পরিধেয় পণ্য তৈরির কৌশল।”
এর উদাহরণ হিসেবে তিনি বলেন, “ক্রীড়াবিষয়ক পরিধেয় পণ্যের উন্নত ডিজাইন ক্রীড়াবিদ ছাড়া আর কার পক্ষে করা সম্ভব।”
অনুষ্ঠানটিতে ইন্টেল, এআরএম হোল্ডিংস, আটমেল এবং অন্যান্য চিপ নির্মাতাও নিজস্ব প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করেছিল। প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শৌখিন উদ্ভাবকদের নতুন উপাদানগুলোর বিষয়ে জানানো।
শৌখিন উদ্ভাবকদের উদ্দেশ্যে ক্রাহজাননিচ বলেন, “এরাই ভবিষ্যত প্রকৌশলী, বিজ্ঞানী। এদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই উন্নত পণ্য তৈরি হবে। আমরা ইন্টেল প্রযুক্তি সম্পর্কে এদের সচেতন রাখতে চাচ্ছি।”
ইন্টেল প্রযুক্তি ব্যবহার করে পরিধেয় পণ্য তৈরির আইডিয়া সংক্রান্ত প্রতিযোগিতারও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ইন্টেল প্রযুক্তিতে তৈরি করা সম্ভব এমন ভিন্নধর্মী পরিধেয় পণ্যের আইডিয়ার মাধ্যমেই জিতে নিতে পারবেন দশ লক্ষ ডলারেরও বেশি পরিমাণ অর্থ।
