দ্রুততম এসএমএস রেকর্ড গড়ল কিশোর
মাত্র ১৮.১৯ সেকেন্ডে টাচস্ক্রিন সেটে ২৫ শব্দের অনুচ্ছেদ লিখে নতুন রেকর্ড গড়েছে ১৬ বছর বয়সী ব্রাজিলিয়ান বালক মার্সেল ফার্নান্ডেজ। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির টেক্সটি লিখে এ সংক্রান্ত পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন এ কিশোর।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত জানুয়ারি মাসে ১৮.৪৪ সেকেন্ডে লেখা টেক্সটিই ছিল বিশ্বের দ্রুততম টেক্সট।
নতুন রেকর্ড গড়তে ফার্নান্ডেজকে যে অনুচ্ছেদটি লেখতে হয়েছিল তা মোটেও সহজ ছিল না। বানান ও দাঁড়ি কমা ঠিক রেখে ১৮.১৯ সেকেন্ডে ফার্নান্ডেজকে লিখতে হয়েছিল, "The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human."।
দ্রুত লেখার ব্যাপারে ফার্নান্ডেজ জানিয়েছেন, ২০০৯ সালের দিকে তার দ্রুত লেখার দক্ষতা বৃদ্ধি পেতে শুরু করে।
১৬ বছর বয়সী এ কিশোরকে ব্রাজিল থেকে নিউইয়র্কে নিয়ে এসেছিল কিবোর্ড অ্যাপ নির্মাতা ফ্লেসকি। এপ্রিলের ২৫ তারিখে ফ্লেসকি নির্মিত কিবোর্ড অ্যাপেই নতুন এ রেকর্ডটি গড়েন ফার্নান্ডেজ। ২০১২ সাল থেকেই এ অ্যাপটি ব্যবহার করছেন বলে জানিয়েছেন এ কিশোর।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছে গিনেস রেকর্ডস। এ প্রসঙ্গে ফ্লেসকির প্রতিষ্ঠাতা লোয়ানিস ভার্ডেলিস বলেছেন, “শুরু থেকেই আমরা উৎসাহের সঙ্গে সবচেয়ে আরামদায়ক, সুন্দর এবং দ্রুতগতির স্মার্টফোন কিবোর্ড তৈরি করেছি। আমাদের উন্নতির একটি অসাধারণ প্রমাণ হচ্ছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডটি।”
তবে স্মার্টফোন পছন্দ করলেও এতে আসক্ত নন এমনটাই দাবি করেছেন মার্সেল ফার্নান্ডেজ।
