২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছতায় প্রশংসিত টেক জায়ান্টরা

ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ায় প্রশংসিত হয়েছে অ্যাপল, গুগল মাইক্রোসফট, ড্রপবক্স, ইয়াহু এবং ফেইসবুকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রাইভেসি এবং ট্রান্সপারেন্সি পলিসির স্বচ্ছতা এবং কার্যকারিতার কারণে ডিজিটাল রাইটস অ্যাডভোকেসি গ্রুপ ‘ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের (ইএফএফ)’ বার্ষিক প্রতিবেদনে সর্বোচ্চ ৬ তারকা পেয়েছে ওই টেকজায়ান্টরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষ ২৬টি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের ডেটা কী ভাবে ব্যবহার করছে, ওই ডেটার নিরাপত্তা রক্ষার্থে কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলোই গবেষণা করে দেখে ইএফএফ।

কথোপকথন, ফটো-ভিডিও শেয়ারিং, লোকেশন ডেটাসহ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ডেটা আদান-প্রদান হয় বিভিন্ন ওয়েবসাইট আর অ্যাপের মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ওই ডেটা কতোটুকু সংগ্রহ করছে আর সরকারি সংস্থাগুলোর ডেটা সরবরাহের অনুরোধের বিপরীতে কী ব্যবস্থা নিচ্ছে, প্রতিষ্ঠানগুলো নিজেরা স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করছে কী না, এরকম বিবিধ বিষয় বিবেচনা করে বার্ষিক প্রতিবেদন তৈরি করে ইএফএফ।

ইএফএফের এবারের প্রতিবেদনে সর্বোচ্চ ৬ তারকা পেয়েছে গুগল, অ্যাপল, ফেইসবুক, মাইক্রেসফট, ইয়াহু এবং ড্রপবক্সের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রাইভেসি এবং ট্রান্সপারেন্সি পলিসিও।

এ ব্যাপারে ইএফএফ অ্যাক্টিভিস্ট রেইনি রিটম্যান বলেন, “এডওয়ার্ড স্নোডেন এনএসএর অনৈতিক উপায়ে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করার নথি ফাঁস করার ঘটনার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সরকারী সংস্থার হাতে ব্যবহারকারীদের ডেটা তুলে দেওয়া বন্ধে আরও ‍উন্নত আর কার‌্যকর বেছে নিয়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।”

গতবছরের প্রতিবেদনের সঙ্গে ইএফএফের সর্বশেষ প্রতিবেদনের রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আগেরবার কেবল ৭টি প্রতিষ্ঠান নিজেদের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করলেও এবার তালিকায় থাকা ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টি নিজস্ব স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে।

আর ‘গভর্নমেন্ট অ্যাকসেস পলিসি’-তে কড়াকড়ি আরোপ করায় অ্যাপল আর ইয়াহুকে সাধুবাদ জানিয়েছে ইএফএফ।

বেশিরভাগ প্রতিষ্ঠান নিজেদের পলিসির উপর কড়াকড়ি আরোপের পাশাপাশি স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করলেও পিছিয়ে আছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফটো-ভিডিও শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাট এর মধ্যে অন্যতম। ইএফএফের প্রতিবেদনে মাত্র এক তারকা পেয়েছে প্রতিষ্ঠানটি। সরকারি সংস্থাগুলোকে ব্যবহারকারীদের কী পরিমাণ ডেটা সরবরাহ করা হচ্ছে সে ব্যপারে কোনো প্রতিবেদন প্রকাশ করে না স্ন্যাপচ্যাট।

স্ন্যাপচ্যাটের মতোই ‘লো রেটিং পেয়েছে’ এটিঅ্যান্ডটি এংব কমক্যাস্ট। কেবল কর্তৃপক্ষ সার্চ ওয়ারেন্ট হাজির করলেই ব্যবহারকারীদের ডেটা অ্যাকসেস করার সুযোগ দেওয়া হয় বলে দাবি করেছে স্ন্যাপচাট কর্তৃপক্ষ।