২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেল চুরি ঠেকাতে স্কাইলক

সাধের সাইকেলের চুরি ঠেকাতে চেষ্টার শেষ থাকে না সাইক্লিস্টদের। তারপরও পেশাদার চোরের দৌরাত্ম্য থেকে রক্ষা পাওয়া বেজায় কঠিন। সাইক্লিস্টদের এই মাথাব্যথা কমাতে ‘স্কাইলক’ নিয়ে মাঠে নেমেছে নতুন স্টার্টআপ ভেলো ল্যাব। স্মার্টফোন দিয়ে স্কাইলক নিয়ন্ত্রণেরও কাজটি তো করা যাবেই, চোর তালাটি ভাঙার চেষ্টা করলে মালিককেও তা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে এই অভিনব ডিভাইস।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মালিকের স্মার্টফোনের সঙ্গে স্কাইলক যোগাযোগ রাখে ব্লুটুথের মাধ্যমে। মালিক সাইকেলের কাছাকাছি গেলে নিজে নিজেই খুলে যাবে ‘অ্যাপ-এনাবলড’ তালাটি। আর স্কাইলক নিয়ন্ত্রণের অ্যাপটি চলবে অ্যান্ড্রয়েড আর আইওএস অপারেটিং সিস্টেমে।

স্কাইলকে আছে অ্যাক্সেলোমিটার। লক থাকা অবস্থায় খুব বেশি নড়াচড়া বা ঝাঁকি অনুভব করলেই মালিককে সতর্ক করে দেবে ডিভাইসটি। সোলার প্যানেল আর টাচস্ক্রিনও আছে এতে। তালা খোলার জন্য ব্যাকআপ মেথড হিসেবে ব্যবহার করা যাবে টাচস্ক্রিনটি।

তবে স্কাইলকের সবচেয়ে বড় ফিচারটা হয়ত ‘ক্র্যাশ ডিটেকশন’। এই ফিচারটিও নির্ভর করে অ্যাক্সেলোমিটারের উপর। আইফোনের সঙ্গে ডেটা আদান-প্রদান সেন্সরটি বোঝার চেষ্টা করে সাইক্লিস্ট কোনো দুর্ঘটনায় পড়েছেন কি না। ঝাঁকি থেকে ডিভাইসটি কোনো দুর্ঘটনা অনুমান করে তবে সঙ্গে সঙ্গেই ব্যবহারকারী ঠিক আছেন কি না, তা নিশ্চিত করতে একটি পুশ নোটিফিকেশান পাঠাবে স্কাইলকের অ্যাপটি। ব্যবহারকারীর কাছ থেকে সাড়া না মিললে সঙ্গে সঙ্গেই ‘ইমার্জেন্সি রেসপন্ডারকে’ সতর্ক করে দেবে অ্যাপটি। পূর্বনির্ধারিত তিন ইমার্জেন্সি কন্ট্যাক্টেও যোগাযোগ করবে অ্যাপটি।  

স্কাইলকের চার্জ নিয়ে খুব একটা মাথা ঘামাতে হবে না মালিককে। সোলার প্যানেলের মাধ্যমে সংগ্রহ করা সূর্যরশ্মি প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে নেবে এটি। নির্মাতা ভেলো ল্যাবসের দাবি এক ঘণ্টার চার্জে গোটা সপ্তাহ চলবে স্কাইলক।

স্কাইলক বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে নিজেদের সাইটে ক্রাউডফান্ডিং ফান্ডিং ক্যাম্পেইন শুরু তরেছে ভেলো ল্যাবস। লক্ষ্য ৫০ হাজার ডলারের তহবিল সংগ্রহ।

বাণিজ্যিকভাবে উৎপাদিত স্কাইলকের দাম হবে ২৪৯ ডলার। তবে ক্রাউফান্ডিং ক্যাম্পেইনে অংশ নিয়ে ডিভাইসটি কেনা যাবে ১৫৯ ডলারে।