একই সুরে শিশু নিপীড়ক, রাজনীতিবিদ, ডাক্তার!
গুগলের কাছে শিশু নিপীড়ক, রাজনীতিবিদ আর এক চিকিৎসকের একই আবদার, ‘ভুলে যাও আমাকে’!
সম্প্রতি ইউরোপিয়ান আদালতের এক রায়ের পর টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছে ইন্টারনেটের বিভিন্ন পেইজ থেকে সব ডেটা এবং রেকর্ড মুছে দেওয়ার অনুরোধ করেছে রাজনীতিবিদ, শিশু নিপিড়ক আর চিকিসৎকসহ একাধিক ব্যক্তি।
বিবিসি এক প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক রায়ে সাধারণ ব্যবহারকারীদের অনুরোধের ভিত্তিতে সার্চ রেজাল্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তার সব ব্যক্তিগত ডেটা মুছে ফেলার জন্য আদেশ দিয়েছিল ইউরোপিয়ান আদালত। ওই ঘটনার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের কাছ থেকে ‘forget me’ অনুরোধ পেতে থাকে গুগল।
গুগলের কাছে পুরনো রেকর্ড মুছে ফেলার অনুরোধকারী ব্যক্তিদের মধ্যে আছেন এক সাবেক রাজনীতিবিদ। আবার নির্বাচনে দাঁড়াবেন, তাই তার বাজে আচরণ নিয়ে লেখা প্রবন্ধের লিংক মুছে দেওয়ার জন্য গুগলের কাছে অনুরোধ তার।
শিশু নিপীড়ক হিসেবে আদালতে প্রমাণিত এক অপরাধীও গলা মিলিয়েছেন ওই রাজনীতিবিদের সঙ্গে। তার অপরাধসংশ্লিষ্ট তথ্য আছে এমন সব পেইজের লিংক মুছে দেওয়ার আবেদন করেছেন তিনিও।
তালিকায় আছেন এক চিকিৎসক। রোগীদের নেতিবাচক মন্তব্য আছে এমন পেইজগুলো সার্চ রেজাল্ট থেকে বাদ দেওয়ার আবেদন তার।
নিলামে ওঠা বাড়ির নোটিসটি অনলাইনে ছড়িয়ে পড়ায় গুগল তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন করেছে এমন অভিযোগে মামলা করেছিলেন এক স্প্যানিশ নাগরিক। ওই মামলার সূত্র ধরেই, ব্যবহারকারীরা অনুরোধ করলে গুগল ‘অপ্রয়োজনীয় এবং পুরনো’ ডেটা মুছে দিতে বাধ্য থাকবে বলে রায় হয় ইউরোপীয় আদালতে।
“ব্যক্তিগত ডেটা মুছে ফেলার অনুরোধের বিষয়টি জনসাধারণের অধিকার।”-- রায়ে বলেছিল আদালত।
ওই রায় ‘হতাশাজনক’ বলে প্রতিক্রিয়ায় জানিয়েছিল গুগল। এরপর ব্যবহারকারীদের ডেটা মুছে দেওয়ার অনুরোধ নিয়েও কোনো মন্তব্য করেনি মার্কিন এই ওয়েব জায়ান্ট। গোপন রাখা হয়েছে এ ধরনের অনুরোধের সংখ্যাও।
ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাডভোকেট জেনারেলের ২০১৩ সালের বক্তব্যের বিপরীতমুখী হওয়ায় মামলায় রায়ে বিস্মিত হয়েছিলেন অনেকেই। ব্যবহারকারীদের ডেটা মুছে ফেলার অনুরোধ রক্ষা করতে সার্চ ইঞ্জিনগুলোর কোনো বাধ্যবাধকতা নেই বলেই মন্তব্য করেছিলেন তিনি।
এদিকে ওই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রযুক্তিজগতে। প্রযুক্তিবোদ্ধাদের কেউ কেউ ওই রায়কে সাধুবাদ জানালেও কড়া সমালোচনাও করেছেন অনেকেই।
মামলার রায় কে ইউরোপিয়ান নাগরিকদের ব্যক্তিগত ডেটা নিরাপত্তা রক্ষায় ‘পরিষ্কার জয়’ বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনার ভিভিয়ান রেডিং। আবার অনেকেই বলছেন বাক স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এই রায়।
রায়ের ব্যাপক সমালোচনা করেছেন উইকিপিডিয়া প্রতিষ্ঠাতা জিমি ওয়েলেসও। সামাজিক প্রয়োজনীয়তাকে পাশকাটিয়ে আদালত ব্যক্তিগত চাহিদাকেই প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
