২০১৫ থেকে মিনেসোটায় ‘কিল সুইচ’
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কিল সুইচবিষয়ক আইন প্রণয়ন করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। আইন অনুযায়ী, ২০১৫ সালের জুলাই থেকে মিনেসোটায় যত স্মার্টফোন বিক্রি হবে, তার সবগুলোতেই থাকতে হবে এ অ্যান্টি-থেফট সফটওয়্যারটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যও শীঘ্রই অনুরূপ আইন প্রণয়ন করতে যাচ্ছে।
কিল সুইচ প্রসঙ্গে মিনেসোটার আইন প্রণেতারা বিলে বলেছেন, “জুলাই এক, ২০১৫ সালের আগে বা পরে মিনেসোটায় বিক্রির উদ্দেশ্যে নির্মিত প্রতিটি স্মার্টফোনেই অ্যান্টিথেফট সফটওয়্যারটি অবশ্যই প্রিলোড করা থাকতে হবে বা ফোনে সফটওয়্যারটি ডাউনলোডের ব্যবস্থা রাখতে হবে।
সফটওয়্যারটির সাহায্যে বেহাত হয়ে যাওয়া স্মার্টফোন থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারবেন ফোন মালিক। এছাড়া সফটওয়্যারটির সাহায্যে চাইলে দূর থেকেই ফোনটিকে নিষ্ক্রিয় করে দেওয়াও সম্ভব।
অবশ্য আগে থেকেই সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও টেক জায়ান্ট অ্যাপলের স্মার্টফোনে এ ধরনের অ্যাপ রয়েছে। এ প্রসঙ্গে মোবাইল বিশ্লেষক ক্রিস গ্রিন জানিয়েছেন, অনেক স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে এ সুবিধা থাকলেও এ বিষয়ে সম্পর্কে তারা জানেন না। তিনি আরও জানিয়েছেন, এ সুবিধাটি গ্রাহক বাজারের চেয়েও ব্যবসায়িক বাজারের জন্য বেশি প্রয়োজনীয়।
অন্যদিকে এসেনশিয়াল ফরেনসিকসের অভিজ্ঞ ফরেনসিক বিশ্লেষক গ্র্যান্ট রাফলে জানিয়েছেন, কিল সুইচ সিগন্যাল সুবিধার বদলে অসুবিধাই সৃষ্টি করবে বেশি। কিল সুইচ সুবিধার অপব্যবহার করবে হ্যাকাররা এমন আশংকাই প্রকাশ করেছেন রাফলে।
