২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেকশহর ল্যাপটপ মেলা শুরু

সবার জন্য ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগান নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘টেক শহর ল্যাপটপ মেলা ২০১৪’। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া মেলা চলবে তিনদিন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 06:53 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

আধুনিক ব্র্যান্ড ও মডেলের ল্যাপটপ ও আনুষাঙ্গিক প্রযুক্তিপণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।  

সকালে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারনেটকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গ্রাম-শহর, শ্রেণিবৈষম্য ও ডিজিটাল বৈষম্য দূর করতে সবাইকে ইন্টারনেট, তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে।”

এ জন্য এ খাতের বিকাশে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান তিনি।

“একজন মানুষ একটা ল্যাপটপের সঠিক ব্যবহার করতে পারছেন মানেই একটি নতুন শিল্প তৈরি হওয়া।”--বলেন তথ্যমন্ত্রী।

ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে আগামী বাজেটে ইন্টারনেট থেকে ১৫ শতাংশ শতাংশ ভ্যাট তুলে দেওয়া, সিম কার্ডের উপর কর কমানো ও তথ্যপ্রযুক্তি পণ্যের উপর থেকে নানা ভ্যাট-ট্যাক্স তুলে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, মেলার অন্যতম পৃষ্ঠপোষক টেকশহরডটকমের প্রতিনিধি আল আমীন দেওয়ান, মেলার সহযোগী বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব নজরুল ইসলাম মিলন ও মেলার আয়োজক এক্সপো মেকারের হেড অফ অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।

এবারের মেলায় অংশ নিচ্ছে ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসু, গিগাবাইটসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্রান্ড। ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।

টেক শহর ল্যাপটপ মেলা ২০১৪-দিয়েই দেশের বাজারে অনেক নতুন পণ্যের অভিষেক হচ্ছে বলে জানিয়েছেন মেলার আয়োজক এক্সপো মেকারের নাহিদ হাসনাইন সিদ্দিকী।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শন চলবে। মেলার প্রথমদিন বিকেলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে “ফ্রিল্যান্স আউটসোর্সিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।