ওয়ার্ডস্টারে লেখা ‘গেইম অফ থ্রোনস’!
ডকুমেন্ট ফাইল লেখার জন্য জনপ্রিয় মাধ্যম মাইক্রোসফট ওয়ার্ড। প্রায় দুই দশক ধরে ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য স্ট্যান্ডার্ড এই সফটওয়্যারের আগে জনপ্রিয় ছিল ওয়ার্ড পারফেক্ট।
তারও আগে আশির দশকের শুরুতে ছিল ওয়ার্ডস্টার। সেই ওয়ার্ডস্টারেই লেখা হয়েছে হাল আমলের জনপ্রিয় বই গেইম অফ থ্রোনস। লেখক আর. আর. মার্টিন এখনও লিখতে ব্যবহার করেন ডস ওয়ার্ড প্রসেসর।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসিনিউজ জানিয়েছে, লেখার জন্য ওয়ার্ড স্টার ৪.০ প্রোগ্রামই পছন্দ মার্টিনের।
পুরনো অপারেটিং সিস্টেম প্রযুক্তির প্রতি নিজের দুর্বলতার বিষয়টি ২০১১ সালেই ব্লগ পোস্টে জানিয়েছিলেন জনপ্রিয় এ লেখক।
এ বিষয়ে মার্টিন জানিয়েছেন, আশির দশকের প্রযুক্তির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে, এতে স্পেল চেক নিয়ে চিন্তা করতে হয় না। ফলে “যাদের জেফরি বারাথন, ডায়ানেরিস টারগারইয়েনের মতো কাল্পনিক চরিত্রগুলোর নাম বারবার লেখতে হয় তাদের জন্য এটি সুবিধাজনক।”
পুরনো ওয়ার্ড প্রসেসর ব্যবহার প্রসঙ্গে মার্টিন বলেছেন, ওয়ার্ড প্রসেসিংয়ে তার যা যা দরকার, সেগুলোর সবই করতে পারে এ প্রোগ্রাম।
আধুনিক প্রযুক্তির উপর বিতৃষ্ণা প্রকাশ করে মার্টিন জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিগুলো পছন্দ নয় তার। তিনি শিফট কি ব্যবহার করতে জানেন। ফলে স্বয়ংক্রিয়ভাবে তার লেখা ছোট হাতের অক্ষরগুলো বড় অক্ষরে পরিণত হলে বিরক্ত বোধ করেন তিনি। মার্টিন চান, যেভাবে লেখা হয়েছ ঠিক সেভাবেই যাতে তার লেখাগুলো থাকে।
এছাড়াও মার্টিন জানিয়েছেন, পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তাকে কম্পিউটার ভাইরাস, হ্যাকিং এসব নিয়ে চিন্তিত হতে হয় না। তবে দৈনন্দিন কাজে দুটি কম্পিউটার ব্যবহার করেন বলেই জানিয়েছেন আর. আর. মার্টিন।
