স্যামসাং দিচ্ছে স্মার্ট এক্সচেঞ্জ অফার
পুরনো সংস্করণের বিনিময়ে সর্বশেষ গ্যালাক্সি এস ফাইভ লাভের সুযোগ দিচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। স্যামসাং ব্যবহারকারীরা তাদের পুরনো গ্যালাক্সি এসথ্রি বা গ্যালাক্সি এসফোরের বিনিময়ে সর্বশেষ মডেল গ্যালাক্সি এস ফাইভ পাবেন।
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ জানিয়েছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীরা পুরনো গ্যালাক্সি এসফোরের সঙ্গে ৩৫ হাজার টাকা যোগ করলেই পাবেন একটি নতুন গ্যালাক্সি এসফাইভ। অন্যদিকে ব্যবহৃত গ্যালাক্সি এসথ্রি-এর সঙ্গে ৪৫ হাজার টাকার যোগ করে নতুন গ্যালাক্সি এসফাইভ পাবেন ব্যবহারকারীরা। হ্যান্ডসেট বিনিময়ের পর বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে।
এক্সচেঞ্জ পার্টনার ব্যবহৃত হ্যান্ডসেটটি পরিবর্তনের আগে পরীক্ষা করে দেখবেন। ওয়ারেন্টিসহ অন্যান্য কাগজপত্র থাকলে ব্যবহৃত হ্যান্ডসেটের মানবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
“এ অফারের আওতায় নিজের হ্যান্ডসেটটি পরিবর্তনের সময় ব্যবহারকারীকে অবশ্যই তার পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং একটি ফরম স্বাক্ষরসহ পূরণ করতে হবে”-- বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গ্যালাক্সি এসথ্রি এবং গ্যালাক্সি এসফোর ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনও এ ক্যাম্পেইনের মাধ্যমে বদলানো যাবে। বৈধ ওয়ারেন্টি আছে এমন স্মার্টফোনের ক্ষেত্রে এই অদল বদল করা যাবে।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এসফাইভের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা।
নির্ধারিত স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে গ্রাহকরা এ স্মার্ট এক্সচেঞ্জ অফারটির সুযোগ নিতে পারবেন মে মাসজুড়ে।
