২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোকাসে এখন স্যামসাং চেয়ারম্যান তনয়

বাবার অসুস্থতায় দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা রয়েছে পুত্রের কাঁধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 07:01 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

বর্তমানে স্যামসাং মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি কুন-হি। সাম্প্রতিক সংকট কেটে গেলেও ভবিষ্যতে স্যামসাংয়ের হাল ধরতে হতে পারে লি পুত্র জে ওয়াই লি’কে। ফলে তার উপরই বিশ্বমিডিয়ার ফোকাস।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, স্যামসাং চেয়ারম্যান পুত্রের সম্পদের পরিমাণ প্রায় পাঁচশ’ কোটি ডলার।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪৫ বছর বয়সী জে লি ২০১২ সালেই স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন।

কিন্তু বৃহৎ এ প্রতিষ্ঠান জে লি সঠিকভাবে চালাতে পারবেন কিনা সে বিষয়ে সন্দিহান অনেকেই। এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্সের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, উল্লেখযোগ্য ট্র্যাক রেকর্ড না থাকায় তারা এখনও ঠিক বুঝতে পারছেন না জে লি প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে চালাতে পারবেন কিনা।

অন্যদিকে স্যামসাংয়ের এক সিনিয়র নির্বাহী জানিয়েছেন, তাদের ভাইস প্রেসিডেন্ট কঠিন মনোভাবের কৌশলী একজন মানুষ। তিনি এমন অনেক সমস্যার সমাধান করেছেন যা সিনিয়র নির্বাহীরা সহজে সমাধান করতে পারেন না। তিনি আরও জানিয়েছেন, তার কৌশলী সিদ্ধান্ত গ্রহণ ও চুক্তি সম্পাদনের কারণে ইতোমধ্যেই প্রতিষ্ঠান অনেকাংশে উপকৃত হয়েছে। জে লি এমন অনেক কাজ করেছেন যা স্যামসাংয়ের বাইরে থেকে অনুভব করা সম্ভব নয়।

বর্তমানে স্যামসাংয়ের দৈনন্দিন কার্যক্রমও জে লি’ই পরিচালনা করছেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র নির্বাহী। এ ছাড়াও শৈশব থেকে জে লি’র সঙ্গে পরিচিত একজন নির্বাহী জানিয়েছেন, কাজের ব্যাপারে খুবই সচেতন জে লি একজন অভিজ্ঞ ব্যবসায়ী।