নিশ্বাস পরীক্ষায় ক্যান্সার নির্ণয়
এখন শ্বাস-প্রশ্বাসের সাহায্যেই জানা যাবে মানবশরীরের সুস্থতা সম্পর্কে। এমনকি শরীরে ক্যান্সার বাসা বেধেঁছে কি না সে বিষয়টিও জানা সম্ভব শ্বাস-প্রশ্বাস পরীক্ষায়।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শ্বাস-প্রশ্বাসের নতুন এ দিকটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চিকিৎসক রায়েড ডোয়েইক।
ক্লিভল্যান্ড ক্লিনিকের রেসপিরেটরি ইন্সটিটিউটে পালমোনারি ভাসকুলার প্রোগ্রামের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন ডোয়েইক।
শরীরের অভ্যন্তরের অবস্থা প্রকাশে সক্ষম এমন শ্বাস-প্রশ্বাস মলিকিউলার প্যাটার্ন নিয়ে দুই দশক যাবৎ গবেষণা করছেন ডোয়েইক। এ প্রসঙ্গে ডোয়েইক বলেছেন, “অনেক মানুষই মনে করে থাকে ফুসফুসের অভ্যন্তরে যা উৎপন্ন হয়, তাই নিশ্বাস। কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি রক্তের সঙ্গে সম্পৃক্ত শরীরবৃত্তীয় যে কোনো কিছুই শ্বাস-প্রশ্বাসের সাহায্যে পরিমাপ করা সম্ভব।”
ডোয়েইক জানিয়েছেন, ফুসফুস ক্যান্সার, কিডনির সমস্যা, হাঁপানি ইত্যাদি রোগ শ্বাস-প্রশ্বাসের সাহায্যে নির্ণয় করা সম্ভব। নিশ্বাস পরীক্ষা ডিভাইসের মাধ্যমে স্বল্প খরচেই এসব রোগ নির্ণয় করা সম্ভব বলেও দাবি করেছেন ডোয়েইক।
উৎপাদকরা ইতোমধ্যেই রোগ নির্ণয়ক ব্রেথ টেস্টিং ডিভাইস নিয়ে কাজ শুরু করেছেন। এমনকি ভ্যান্টেজ হেলথ ‘ক্যান্সার-স্ক্রিনিং ব্রেথ টেস্টিং ডিভাইস’-এর জন্য নাসার প্রযুক্তি ব্যবহার করছে।
এ ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এতে স্বাস্থ্যসংক্রান্ত ডেটা অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন ডিভাইস ব্যবহারকারী।
তবে সব ধরনের ক্যান্সারই যে শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা সম্ভব হবে তা নয়।
