গুগল সার্চে ব্যক্তিগত ডেটা নয়: আদালত
ইউরোপিয়ান আদালতের আদেশ অনুযায়ী, সার্চ ফলাফল থেকে ওয়েব জায়ান্ট গুগলকে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা মুছে ফেলতে হবে। এক প্রতিবেদনে স্কাইনিউজ জানিয়েছে, গুগলের কিছু সার্চ ফলাফল সংশোধনের নির্দেশও দিয়েছে আদালত।
ব্যক্তিগত ডেটা মুছে ফেলার অনুরোধের বিষয়টি জনসাধারণের অধিকার।-- রায়ে বলেছে আদালত।
সার্চ ইঞ্জিন ইনডেক্স থেকে পুরনো ও অপ্রাসঙ্গিক তথ্যের লিংক মুছে ফেলেতে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নের কোর্ট অফ জাস্টিস। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করে থাকে।-- রায়ে বলেছে আদালত।
রায়ে আরও জানানো হয়েছে, তথ্য মুছার জন্য ব্যবহারকারীরা সরাসরি সার্চ ইঞ্জিন অপারেটরকে অনুরোধ করতে পারবেন।
অনুরোধ পাওয়ার পর তথ্যের যথার্থতা পরীক্ষা করার আদেশও দিয়েছে আদালত। তবে অনুরোধ রাখা হবে কি না সে বিষয়টি তথ্যের ধরন, আকর্ষণীয়তা, ব্যক্তিজীবনে সেটির স্পর্শকাতরতা ইত্যাদির উপর নির্ভর করবে।
অন্যদিকে গুগল জানিয়েছে, তারা কোনো ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ করে না। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের চাপ প্রয়োগ করে সমালোচকের ভূমিকা পালন করানোটা উচিত হবে না। কারণ তারা শুধু বৈধ তথ্য লিংকের সেবা দিয়ে থাকে।
মামলাটি স্পেনের আপিল আদালত দ্য অডিন্সিয়া ন্যাসিওনাল থেকে ইউরোপিয়ান আদালতে পাঠানো হয়েছিল। স্পেনের ওই আদালতে একই ধরনের দুশ’ অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল বলে জানিয়েছে স্কাইনিউজ।
