তুলনায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান
চীনের টেক জায়ান্ট যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টের সমকক্ষ এমন দাবি করাটা সবসময় যৌক্তিক নয়। কিন্তু তা সত্ত্বেও চীনের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করা হয়ে থাকে।
কেনই-বা এ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করা হয়, বা এরা কী ধরনের সেবা দিয়ে থাকে, তা নিয়েই আমাদের এবারের ফিচার।
সংবাদমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদনের আলোকে আসুন জেনে নেই এ রকম কিছু চীনা টেক জায়ান্ট সম্পর্কে--
এ চীনা ই-কমার্স জায়ান্টটিকে অনেকটাই ইবে ও অ্যামাজনের সমকক্ষ হিসেবে ধরা হয়ে থাকে। মার্কিন শেয়ারবাজারে আলিবাবার বর্তমান মূল্য প্রায় ২০ হাজার কোটি ডলারেরও বেশি হবে বলে অনুমান করা হয়।
ইবে ও অ্যামাজনের সমন্বিত এক ধরনের সেবা দিলেও কোনো পণ্যই সরাসরি বিক্রি করে না আলিবাবা। শুধু বাজার হিসেবেই গ্রাহকদের সেবা দিয়ে থাকে সাইটটি। পেপালের মতো নিজস্ব পেমেন্ট সিস্টেমও রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতি লেনদেন বাবদ তিন শতাংশ চার্জ নেয় আলিবাবা। শুধু ২০১৩ সালেই প্রায় ২৫ হাজার কোটি ডলারের লেনদেন করেছে আলিবাবা সাইট।
চীনা এ সামাজিক নেটওয়ার্কটির সেবার ধরন অনেকটা ফেইসবুকের মতো। ব্যবহারকারীদের মোবাইল মেসেজিং, গেইমিং এবং বাণিজ্যভিত্তিক সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ১৫ হাজার কোটি ডলার মূল্যের এ প্রতিষ্ঠানটির উইচ্যাট অ্যাপটিকেও জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করা হয়।
অ্যাপটিকে আরও উন্নত করছে টেনসেন্ট। স্কাইনিউজের প্রতিবেদন অনুসারে, শুধু অ্যাপটির মাধ্যমেই ব্যবহারকারীরা গেইম খেলা, ট্যাক্সি বুকিং, সিনেমার টিকেট কেনাসহ নিজেদের বিনিয়োগও নিয়ন্ত্রণ করতে পারবেন।
অনলাইন প্রকাশনাভিত্তিক প্রতিষ্ঠান সিনা কর্পোরেশনকে টুইটার ও ইয়াহুর সঙ্গে তুলনা করা যেতে পারে। উইবো নামের একটি মাইক্রোব্লগিং সেবাও রয়েছে প্রতিষ্ঠানটির। উল্লেখ্য, খোদ চীনেই উইবো সেবাটিকে ব্লক রাখা হয়েছে। অন্যদিকে সিনা কর্পের বিনোদন ও জরুরি তথ্য সম্প্রচারের ধরনও অনেকটা ইয়াহু ও এর মালিকানাধীন সাইটগুলোর মতোই।
প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য দুশ’ ৯০ কোটি ডলার বলে প্রতিবেদনে জানিয়েছে স্কাইনিউজ।
সার্চ জায়ান্ট গুগলের মতো চীনেও আছে সার্চ সেবাদাতা প্রতিষ্ঠান বাইডু। অ্যালেক্সা ইন্টারনেট র্যাংকিংয়ের তথ্য অনুসারে, বিশ্বে জনপ্রিয়তার দিক থেকে সার্চ ইঞ্জিনটির অবস্থান পঞ্চম। শুধু সার্চ সেবাই নয়, গুগল মালিকানাধীন ইউটিউবের মতো বাইডুরও রয়েছে ভিডিও স্ট্রিমিং সাইট আইকিউয়ি। ইউটিউব থেকেও এক ধাপ এগিয়ে আছে এ ভিডিও স্ট্রিমিং সাইটটি। আইকিউয়ি’র প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে শুধু লাইসেন্স করা হাই ডেফিনেশন ভিডিও আপলোড করা যায়। স্কাইনিউজের প্রতিবেদন অনুযায়ী, বাইডুর বর্তমান মূল্য সাড়ে পাঁচ হাজার কোটি ডলার।
২০১২ সালে ইয়োকু ও টুডোউ নামের দুটি প্রতিষ্ঠান একত্রে গড়ে তোলে এ যৌথ প্রতিষ্ঠান। এ যৌথ প্রতিষ্ঠানটিকে চীনের সবচেয়ে বড় ভিডিও সাইট হিসেবেও বিবেচনা করা হয়। ইউটিউবের মতো সেবাদাতা এ প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য তিনশ’ পঞ্চাশ কোটি ডলার।
স্কাইনিউজের তথ্য অনুসারে, ইউটিউবের সঙ্গে মিল রেখে নিজেদের সাইট নামের অদ্যাক্ষর দুটিও বড় হাতের রেখেছে ইয়োকু টুডোউ। অন্যদিকে বাইডুর কবল থেকে বাঁচাতে সম্প্রতি সাইটটিতে প্রায় দুশ’ কোটি ডলার বিনিয়োগ করেছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা।
চীনা প্রতিষ্ঠান জিয়াওমিকে তুলনা করা হয় টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে।
২০১০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বছরখানেক পরেই নিয়ে এসেছিল স্মার্টফোন। এখনও দুর্দান্ত স্মার্টফোন বানিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জিয়াওমির স্মার্টফোন “চমৎকার” এমনটাই মন্তব্য করেছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।
প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য এক হাজার কোটি ডলার। সাড়ে তিনশ’ কোটি ডলারে ডোমেইন মি ডটকম কেনার মাধ্যমে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডোমেইন কেনার রেকর্ডও গড়েছে প্রতিষ্ঠানটি।
