সিমস ৪: অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়
রাশিয়ার অপ্রাপ্তবয়স্করা খেলতে পারবেন না সিমস ৪। সমকামী সম্পর্কের কারণে গেইমটি নিয়ে এ নিষেদ্ধাজ্ঞা এনেছে রাশিয়া। দেশটির সাম্প্রতিক কন্টেন্ট নির্ধারণী আইন অনুযায়ী, শিশুদের জন্য সমকামী সম্পর্কের ব্যাপারটি ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।
তবে ইলেকট্রনিক আর্টস নির্মিত এ গেইমটি প্রাপ্তবয়স্কদের খেলতে কোনো বাঁধা নেই।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিমস ৪ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সিমস ভক্তরা।
এক টুইটবার্তায় অফিশিয়াল রাশিয়ান ইলেকট্রনিক আর্টস সিমস অ্যাকাউন্ট দেশটির আইন উদ্ধৃত করে নিষেধাজ্ঞার কারণ জানিয়েছে।
জনপ্রিয় এ গেইমটিতে গেইমাররা নানা জিনিস অনুসন্ধান করেন ও বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন। তবে নতুন মাত্রা হিসেবে সিমসের নতুন এ সংস্করণটিতে গেইমাররা চাইলে ভার্চুয়াল সমকামী সম্পর্কেও জড়াতে পারবেন। আর এ কারণেই অপ্রাপ্তবয়স্কদের জন্য গেইমটি নিষিদ্ধ করেছে রাশিয়া।
তবে ভিডিও গেইমিং সাইট পলিগনের এক ভিডিও বিবৃতিতে ইলেকট্রনিক আর্টস জানিয়েছে, তাদের সিমস ৪ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।
