টাইজেনভিত্তিক স্মার্টফোন আনছে স্যামসাং
অবশেষে টাইজেনভিত্তিক স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। ২০১২ সালে বাজারে ছাড়ার পরিকল্পনা করলেও দু’বছর পর বাজারে আসছে স্মার্টফোনটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানিয়েছে, কোরিয়ান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি রাশিয়া ও ভারতের বাজারে টাইজেনভিত্তিক স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে।
টাইজেন, ইনটেল ও স্যামসাংয়ের ওপেন-সোর্স, লিনাক্স নির্ভর একটি অপারেটিং সিস্টেম (ওএস)। অপারেটিং সিস্টেমটির সাহায্যে স্বল্পমূল্যের ডিভাইস বাজারে আনাই এর মূল লক্ষ্য। তবে স্যামসাংয়ের গড়িমসির কারণে অনেক আগেই আগ্রহ হারিয়েছে স্মার্টফোনটির জাপানিজ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো।
ম্যাশএবলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ওএস-এর কারণে স্যামসাংয়ের বর্তমান মোবাইল-ডিভাইস কৌশল অনেকটাই গুগল নিয়ন্ত্রিত। এ পরিস্থিতিতে টাইজেনের মাধ্যমে নিজস্ব প্ল্যাটফর্মে একক মুনাফা লাভের সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে, স্যামসাং ব্র্যান্ডের পরিচিতির সুবাদে ভারত ও রাশিয়ার গ্রাহকরা টাইজেন স্মার্টফোনে প্রভাবিত হবেন। এ ছাড়াও দেশ দুটিতে দীর্ঘমেয়াদী গ্রাহক পাওয়ার আশা রয়েছে স্যামসাংয়ের।
তবে এবারই প্রথম বাজারে আসছে না টাইজেন। স্যামসাং নির্মিত গিয়ার ২ স্মার্টওয়াচেও টাইজেন ব্যবহার করা হয়েছে।
