হোয়াইট হাউজে সোলার প্যানেল
হোয়াইট হাউজের ছাদে সোলার প্যানেল স্থাপন করেছেন প্রযুক্তিবিদরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আশা করছেন, প্রকল্পটি পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জোরালো উদাহরণ সৃষ্টি করবে।
সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালে কাজ শুরু হবার কথা থাকলেও এ প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৩ সালে।
নিরাপত্তা ও অন্যান্য সমস্যার কারণে ঠিক কতগুলো প্যানেল স্থাপন করা হয়েছে বা এতে কী পরিমাণ খরচ হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউজ। তবে প্রেসিডেন্টের বাসভবন থেকে জানানো হয়েছে, সোলার প্যানেলগুলোর মাধ্যমে ৬.৩ কিলোওয়াট সৌরশক্তি পাওয়া যাবে।
প্যানেল বসাতে হোয়াইট হাউজের ছাদে ড্রিল করে এপোক্সি গ্লু ব্যবহার করেছেন প্রযুক্তিবিদরা। এছাড়াও সোলার প্যানেলকে নিরাপদ রাখতে রডের গরাদ ব্যবহার করেছেন তারা।
সোলার প্যানেল স্থাপনে ব্যবহৃত শ্রমশক্তি, এর উপাদান ও কনভার্টার সবই মার্কিন বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। তবে নিরাপত্তার অজুহাতে প্রকল্পে যুক্ত-থাকা প্রতিষ্ঠানগুলোর নামও জানায়নি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট বাসভবনে সৌরশক্তি স্থাপনের প্রচেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ১৯৭০ সালে প্রেসিডেন্ট জিমি কার্টার ৩০ হাজার ডলার ব্যয়ে ওয়েস্ট-উইং অফিসের জন্য সোলার ওয়াটার-হিটিং সিস্টেম স্থাপন করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সে প্যানেলগুলো সরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছে সিএনএন।
