২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্র্যাকিং সেবার প্রস্তাব দিচ্ছে ইনমারস্যাট

বিশ্বের যাত্রিবাহী বিমানসংস্থাগুলোর জন্য বিনামূল্যে ট্র্যাকিং সেবার প্রস্তাব দিতে যাচ্ছে যুক্তরাজ্যের কৃত্রিম উপগ্রহ অপারেটর ইনমারস্যাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:00 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০-এর খোঁজে ভারত মহাসাগরে অভিযান শুরু হয়েছিল ইনমারস্যাটের তৈরি যন্ত্রপাতি থেকে আসা ‘পিং’ শব্দের কারণেই।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইনমারস্যাটের এ সেবাটির সাহায্যে বিমানের সর্বশেষ অবস্থান সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া যাবে।

এ সেবায় বিমান নিজস্ব গতি, উচ্চতা, বর্তমান অবস্থান ও কোথায় যাচ্ছে সে সম্পর্কিত ডেটা ১৫ মিনিট পরপর ইনমারস্যাটের স্যাটেলাইট নেটওয়ার্কে পৌঁছে যাবে।

সেবাটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট ক্রিস ম্যাকলাফলিন বলেন, “বিশ্বের ৯০ শতাংশ ‘ওয়াইড বডি’ জেট প্লেনে আমাদের তৈরি যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। ফলে বাড়তি কোনো খরচ ছাড়াই ট্র্যাকিং সেবা দিতে পারব আমরা।”

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিনামূল্যে বেসিক ট্যাকিং সেবা দিলে প্রতিবছর প্রতিষ্ঠানটির ৩০ লাখ ডলার খরচ হবে ।