সুস্থ হয়ে উঠছেন স্যামসাং চেয়ারম্যান
হৃদপিণ্ডে জরুরি অস্ত্রোপচার শেষে এখন স্থিতিশীল অবস্থায় আছেন স্যামসাং চেয়ারম্যান লি কুন-হি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাতে শ্বাস নিতে কষ্ট হওয়ায় স্যামসাং মেডিকেল সেন্টারে ভর্তি হন লি। ওই হাসপাতালেই জরুরি অস্ত্রোপচার চালানো হয় তার হৃদপিণ্ডে।
এর আগে ৯০-এর দশকে ফুসফুসে অস্ত্রোপচারের করিয়েছিলেন লি। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। শীতকালে সেই জটিলতা আরও প্রকট আকার ধারণ করায় ওই সময়টা তিনি দেশের বাইরেই কাটান বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান সংবাদসংস্থা ইওনহাপ।
১৯৮৭ সালে স্যামসাংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন লি। আন্তর্জাতিক প্রযুক্তিবাজারে স্যামসাংয়ের শক্তিশালী উপস্থিতির কৃতিত্বটুকু দেওয়া যায় তাকেই।
২০০৮ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন লি।
দোষি সাব্যস্ত হলেও ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়ে ২০১০ সালে আবারও স্যামসাংয়ের চেয়ারম্যান পদে ফেরেন তিনি।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ৭২ বছর বয়সী লি কুন-হির মোট সম্পদের পরিমাণ অন্তত ১ হাজার কোটি ডলার। দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি তিনি।
লির পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করছেন তার তিন ছেলেমেয়ে। বলা হয়ে থাকে লি কুন-হির পর চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের সিংহাসনে বসবেন তার ছেলে জে লি।
