২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে উন্মুক্ত হল ফায়ারফক্স ২৯

‘সুরক্ষিত থাকবে আপনার গোপনীয়তা, উন্মুক্ত থাকবে ওয়েব, কথা দিলাম’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ‘ফায়াফক্স ২৯’র কমিউনিটি লঞ্চিং।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 05:23 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

মজিলা বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার মিরপুরের ‘হাব ঢাকা’য় এ আয়োজনে নতুন ফায়ারফক্সের নতুন অভিজ্ঞতা পেয়েছেন অংশগ্রহণকারীরা।

মজিলা বাংলাদেশ টাস্কফোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে কমিউনিটির সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ ফায়ারফক্সের ব্যবহারকারীরা উপস্থিত থেকে নতুন ফায়ারফক্সের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে টাস্কফোর্স সদস্যরা ছাড়াও মজিলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অতিথিদের মজিলার মিশন, মজিলার বিভিন্ন প্রডাক্ট এবং কীভাবে মজিলার সঙ্গে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়ে অবহিত করা হয়। মজিলা বাংলাদেশের কমিউনিট লিড মাহে আলম খান বলেন, বর্তমানে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী বৃহৎ জনগোষ্ঠী কীভাবে ওয়েব ব্যবহার করেন ও করতে চান, সেটি নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণালব্ধ ফলের প্রতিফলন ঘটিয়ে ফায়ারফক্সের নতুন ডিজাইন করা হয়েছে।

ফয়ারফক্সের নতুন সংস্করণে রয়েছে নতুন মেনু কাস্টমাইজ মোড এবং ফায়ারফক্স অ্যাকাউন্টস চালিত এবং উন্নততর ফায়ারফক্স সিংক সুবিধা।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবহারীর গোপনীয়তার নিরপত্তা আরও জোরদার করা হয়েছে নতুন সংস্করণে।”

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সবচেয়ে বেশি কাস্টমাইজেবল সুবিধা নিয়ে উন্মুক্ত হয়েছে মজিলা ফায়ারফক্স ২৯ সংস্করণ। আগের যে কোনো সংস্করণ থেকে আরও সহজ, আকর্ষণীয় ও দ্রুত সুবিধা যুক্ত হয়েছে নতুন সংস্করণে। সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে নতুন সংস্করণের চেহারায়। সহজ ও ব্যবহারউপযোগী করতে যুক্ত হয়েছে নতুন ট্যাব ডিজাইন ও নতুন কাস্টমাইজেশন সুবিধা।

নতুন সংস্করণটি www.mozilla.org/en-US/firefox/all ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। নতুন সংস্করণ নিয়ে তৈরি বিশেষ ভিডিও দেখা যাবে https://webwewant.mozilla.org/en ঠিকানায়।