অ্যাপলে যাচ্ছেন নোকিয়ার ক্যামেরা চিফ
‘লুমিয়া ফটোগ্রাফি টিম’ ছেড়ে অ্যাপলে যোগ দিলেন নোকিয়ার ‘পিওর ভিউ’ ক্যামেরা সিস্টেমের প্রবক্তা আরি পার্টিনেন। পার্টিনেন বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে নোকিয়ায় যোগ দিয়েছিলেন ২০০৭ সালে।
গত ৭ বছরে নোকিয়া ক্রমশ বাজার দখল হারালেও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল পার্টিনেনের নেতৃত্বে নোকিয়ার লুমিয়া ফটোগ্রাফি টিমের তৈরি ক্যামেরা প্রযুক্তি।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে ধোপে টিকতে না পারলেও ক্যামেরা সফটওয়্যার আর হার্ডওয়্যারের জন্য সমালোচক ও টেক বোদ্ধা উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিল নোকিয়া। ২০১৩ সালে বাজারে এসেছিল লুমিয়া ১০২০ স্মর্টফোনটি। অনেকেরই চোখ কপালে উঠেছিল স্মার্টফোনটির ৪১ মেগাপিক্সেলের ক্যামেরার কারণে। লুমিয়া ১০২০সহ গত কয়েক বছরে নোকিয়ার লুমিয়া ফটোগ্রাফি টিমের কাণ্ডারি ছিলেন পার্টিনেন।
বর্তমানে মাইক্রোসফটের মালিকানায় থাকা নোকিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন তার টুইটার অ্যাকাউন্টে। “আজকেই চমৎকার লুমিয়া পরিবারের সঙ্গে আমার শেষদিন। জুন থেকে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে শুরু হবে আমার জীবনের নতুন এক অধ্যায়। সবার জন্য অনেক ভালোবাসা!”-- টুইট করেছেন পার্টিনেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টুইটে কেবল কুপার্টিনোর কথা বললে পরে অ্যাপলেই যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পার্টিনেন। কাজ করবেন আইফোনের ক্যামেরা সিস্টেম নিয়ে।
বলা হচ্ছে, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নোকিয়া কিনে নেওয়ার পর পদত্যাগ করা প্রথম ‘হাই প্রোফাইল’ ইঞ্জিনিয়ার পার্টিনেন।
অন্যদিকে একাধিক ক্যামেরা প্রযুক্তি পেটেন্টের জন্য আবেদন করেছে অ্যাপল। স্মার্টফোনের ক্যামেরাগুলো যতো উন্নত হচ্ছে ততোটাই বাজার হারাচ্ছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার সব ফিচার একে একে হাজির হচ্ছে স্মার্টফোনের ক্যামেরায়। এমন অবস্থায় নোকিয়ার ক্যামেরা এক্সপার্টকে নিজেদের দলে টেনে প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে হয়তো আরেকধাপ এগিয়ে গেল অ্যাপল।
