সমকামী ইসুতে ক্ষমা চাইল নিনটেন্ডো
লাইফ-সিমুলেটর গেইম তোমোডাচি লাইফের ‘সমকামী গেইম ক্যারেক্টার’ ইসুতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে নিনটেন্ডো।
জনপ্রিয় জাপানি গেইমটির ইংরেজি সংস্করণে সমকামী সম্পর্কে যাওয়ার ফিচার যোগ করার জন্য গেইমারদের অনলাইন ক্যাম্পেইনের মুখে ক্ষমা চাইলেও গেইমটিতে এখন আর কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বলেই জানিয়েছে জাপানি ওই গেইম নির্মাতা।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নিনটেন্ডোর পক্ষ থেকে অনুষ্ঠানিক বিবৃতিটি প্রকাশ করা হয়েছে শুক্রবার। “আমরা তোমোডাচি লাইফে সমলিঙ্গের সম্পর্কে যোগ করতে ব্যর্থ হওয়ায় নিরাশ হয়েছেন অনেকেই। এ জন্য ক্ষমা চাইছি আমরা।”-- বিবৃতিতে বলেছে নিনটেন্ডো।
গেইমার এবং অনলাইনে ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রচারণাকারীদের কাছে ক্ষমা চাইলেও গেইমটিতে সমলিঙ্গের সম্পর্কে যাওয়ার মতো ফিচার আর যোগ করা সম্ভব নয় বলে জানিয়েছে নিনটেন্ডা। ইতোমধ্যেই বাজারজাত হওয়া গেইমটিতে কেবল সফটওয়্যার প্যাচের মাধ্যমে পুরো গেইমের গঠনে পরিবর্তন পাল্টানো সম্ভব নয় বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
সমকামী সম্পর্ক বাদ রেখে তোমোডাচি লাইফ ডিজাইন করায় এবং পরে গেইমটিতে ওই ধরনের কোনো ফিচার যোগ করতে অস্বীকৃতি জানিয়ে মে মাসের প্রথম প্রথম সপ্তাহেই অনলাইন অ্যাক্টিভিস্ট আর সমকামী অধিকারবিষয়ক সংস্থাগুলোর তোপের মুখে পড়েছিল নিনটেন্ডো।
বিবৃতিতে নিনটেন্ডা আরও বলেছে, “আমরা প্রতিজ্ঞা করছি যে, যদি আমরা তোমোডাচি লাইফের নতুন কোনো সংস্করণ তৈরি করি তবে সব গেইমারদের কথা মাথায় রেখেই গেইম প্লে এক্সপেরিয়েন্সে পরিবর্তন আনব আমরা।
তোমোডাচি লাইফ জাপানের বাজারে এসেছে ২০১৩ সালে। এর মধ্যেই জাপানি গেইমারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে গেইমটি। নর্থ আমেরিকা আর ইউরোপে গেইমটি মুক্তি পাবে ৬ জুন।
