আইফোন কেনে যে, বিমানে চড়ে সে!
আইফোনের মালিকরা কি বিত্তবান হয়? নিদেনপক্ষে সচ্ছল? আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মালিকদের মিল কি আমজনতার সঙ্গেই বেশি যায়? শুনতে কিম্ভুত মনে হলেও মার্কিন এক গবেষণার ফলাফল কিন্তু অনেকটা এমনই।
আইফোন বনাম অ্যান্ড্রয়েড মালিকদের উপরে এক গবেষণায় এমনই কিছু ‘অদ্ভুত’ তথ্য বেরিয়ে এসেছে। যেমন, আইফোন মালিকেরা বেশিরভাগই অন্তত একবার বিমানে চড়েছেন আর অ্যান্ড্রয়েডধারীরা প্রায়ই নিয়মিত বাসযাত্রী, মাসে অন্তত একবার খায় ম্যাকডোনাল্ডসে! (বংলাদেশে ম্যাকডোনাল্ডস শাখা খুললে হয়ত বিত্তবানরাই সেখানে বেশি যাবেন, তবে পশ্চিমে ম্যাকডোনাল্ডস, কেএফসির মতো দোকানে স্বল্পআয়ের লোকজনই বেশি যায়)। এতসব তথ্য জানিয়েছে মোবাইল ফোনবিষয়ক অনলাইন প্রকাশনা টিথ্রি ম্যাগাজিন।
ব্যাটারি ভেনচার্স –এর জনাথন সিলস কৌতুকস্বরে বলেন, “আপনারা হয়ত ভাববেন আইফোন ব্যবহারকারীরা সবাই ওয়াইন খাবেন এবং ইয়োগাতে ব্যাপক মাত্রায় আগ্রহী হবেন।”
সিলস আরও বলেন, গবেষণার উপাত্তে আইফোন ব্যবহারকারীদের শেয়ারের মালিকানা থাকার সম্ভাবনাও বেশি। এরা বিয়ারের চেয়ে ওয়াইনে বেশী আগ্রহী ও বিমানে চড়ে অভ্যস্ত। অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনের মালিকরা বেশিরভাগই পাবলিক ট্রান্সপোর্ট তথা বাসে চড়েন, মাসে অন্তত একবার ম্যাকডনাল্ডসে খান, ধর্মকর্মে আগ্রহী। আর হ্যাঁ, ধূমপায়ীরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্ড্রয়েডের মালিক!
গবেষণায় স্পষ্টভাবেই আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাঝে বেশকিছু বিচিত্র সামাজিক বিভেদ ও মনস্তাত্ত্বিক বিষয় উঠে এল।
আশ্চর্যজনকভাবে মিল আছে একটি জায়গায়, তা হল, এই দুই ধরনের ফোন ব্যবহারকারীদেরই সমভাবে বন্দুকের মালিকানা থাকতে পারে। আমেরিকা বলে কথা!
প্রশ্ন হল, বাংলাদেশে আইফোন আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও কি আমেরিকানদের মতো এমন ফোনভেদে শ্রেণিবিন্যাস করা সম্ভব?
