জুনে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ আয়োজনে জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার সময়সূচি ঘোষণা করেন আয়োজক কর্তৃপক্ষ।
৪-৭ জুন ২০১৪ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা।
ডিজিটালওয়ার্ল্ড ২০১৪ এর অংশ হিসেবে থাকব, সফটএক্সপো, ই-গভার্নেন্স প্রদশর্নী এবং মোবাইল ইনোভেশন এক্সপো। পাশাপাশি প্রায় ৩০টি সেমিনার এবং ১০টি টেকনিক্যাল সেশন থাকবে। চারদিনের আয়োজনকে ভাগ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট, আউটসোসির্ং ফোরাম এবং সমাপনী অনুষ্ঠান এই পাঁচ ভাগে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন। সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগ, বিসিসি এবং বেসিস নির্বাহী পরিষদ-এর সদস্যবৃন্দ।
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ আয়োজনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিস এর মধ্যে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে এ টু আই, অ্যামটব, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং।
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
