২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে স্টার্টআপ বুটক্যাম্প

মে মাসে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (জিআইএসটি) স্টার্টআপ বুটক্যাম্প।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 06:39 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

স্টার্টআপ ঢাকা, সিআরডিএফ গ্লোবাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টেমেন্টের উদ্যোগে আয়োজিত বুটক্যাম্প চলবে ২২ থেকে ২৪ মে পর্যন্ত। বুটক্যাম্পে অংশ নিচ্ছে বাছাই করা ৩০টি সম্ভবনাময় প্রযুক্তিকেন্দ্রিক স্টার্টআপ।

আয়োজক প্রতিষ্ঠান স্টার্টআপ ঢাকা জানিয়েছে, একশ’রও বেশি আবেদন থেকে বাছাই করা হয়েছে বুটক্যাম্পে অংশগ্রহণকারী ৩০টি স্টার্টআপকে। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে ওই বুটক্যাম্পে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন দেশি ও বিদেশি মেন্টররা।

এক বিবৃতিতে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, “জিআইএসটি স্টার্টআপ বুট ক্যাম্প এবং ডেমো ডে সাজানো হয়েছে বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগগুলোর জন্য।”

নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, কৌশল আর আত্মবিশ্বাসের জোগান দেওয়া এবং প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের যোগাযোগ ঘটিয়ে দেওয়াই আয়োজনের মূল লক্ষ বলে জানিয়েছেন তারা।

বুটক্যাম্পের প্রশিক্ষণ শেষে সেরা ৭ প্রতিযোগী ‘ডেমো ডে’-তে দেশের এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সামনে নিজেদের স্টার্টআপ আইডিয়া তুলে ধরার সুযোগ পাবেন। বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের সঙ্গে সঙ্গে বিভিন্ন পুরস্কার ও সিড ফান্ডিং জিতে নেওয়ার সুযোগ পাবেন এই নতুন উদ্যোক্তারা। সেরা ৫ প্রতিযোগী পাবেন ৩ মাসের ভার্চুয়াল মেন্টরশিপের সুবিধা ।

জিআইএসটি স্টার্টআপ বুট ক্যাম্প নিয়ে বিস্তারিত জানা যাবে http://bootcamp.startupdhaka.org সাইটে।