২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পুলিশের ইউনিফর্মে ক্যামেরা!

লন্ডন মেট্রোপলিটান পুলিশের ইউনিফর্মে যুক্ত হচ্ছে ছোট আকৃতির ক্যামেরা। এতে অংশ নেবেনে লন্ডনের নয়টি পুলিশ স্টেশনের প্রায় পাঁচশ’ পুলিশ অফিসার। ক্যামেরার ফুটেজ সরাসরি আপলোড হয়ে ডাবে এভিডেন্স ডটকম নামের একটি সাইটে, যেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে নিতে পারবেন তথ্য প্রমাণ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:00 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

ঘটনা ঘটার সময়েই তাৎক্ষনিক প্রমাণ সংগ্রহের কাজে ব্যবহার করা যায়, এমন প্রযুক্তির নিয়ে এক বছরের এক পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযানের সময় ভিডিওর মাধ্যমে সরাসরি তথ্য-প্রমাণ সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আদানপ্রদানের কাজ সহজ করে দেওয়ার লক্ষ্যেই পাইলট প্রোগ্রামটি হাতে নিয়েছে লন্ডন পুলিশ। এছাড়াও অভিযানের সময় পুলিশ অফিসার এবং সন্দেহভাজন ব্যক্তিদের আচরণের উপরও নজরদারি করতে পারবেন উর্ধ্বতন কর্মকর্তারা।

পাইলট প্রোগ্রামটির জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেসার ইন্টারন্যাশনালের সঙ্গে জোট বেঁধেছে লন্ডন মেট্রোপলিটান পুলিশ। টাসের ইন্টারন্যাশনালের তৈরি অ্যাক্সন বডি ক্যামেরা ব্যবহার করবে লন্ডন পুলিশ।। একটানা ১২ ঘণ্টা ভিডিও করতে পারে ক্যামেরাগুলো।

ম্যাশএবলের প্রতিবেদনে অনুযায়ী, ক্যামেরাগুলো ইউনিফর্মে লুকানো থাকবে এমনটা নয়। শার্টের কলার, হ্যাট বা সানগ্লাসের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবহার করা যাবে ক্যামেরাগুলো। এর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ জোগাবে পকেট সাইজ ব্যাটারি প্যাক। আর ওই ক্যামেরার ভিডিওগুলো ব্যবহারকারীদের কেউ মুছে দিতে বা পরিবর্তন করতে পারবে না বলে দাবি করেছে টাসের ইন্টারন্যাশনাল।

পুলিশ ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা জুড়ে দিয়ে অভিযানে নামার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে লস অ্যাঞ্জেলেস, ব্রিমার্টন, ওয়াশিংটন, ডেনভিল, ভার্জিনিয়া, মায়ামি এবং মিনোসোটার পুলিশ বাহিনীর সদস্যরাও পরীক্ষা চালিয়েছেন এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে।

এ প্রযুক্তির কার্যক্ষমতা নিয়ে ব্রিমার্টন পুলিশ বাহিনীর চিফ স্টিভ স্টারচ্যান বলেন, “প্রমাণ হিসেবে ভিডিওগুলো চমৎকার। আর আমাদের অফিসাররা যদি ভুলেও কোনো অনৈতিক কাজ করে তবে তা সঙ্গে সঙ্গেই ধরা পরে যায় ওই ভিডিওতে। এই প্রযুক্তির বদৌলতে পুলিশ বাহিনীর সদস্যরা যে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন তা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযুক্তদের মিথ্যে অভিযোগের সমাধান করা অনেক সহজ হয়ে যায়।”

এই প্রযুক্তির ব্যবহার এবং কার্যকারিতা নিয়ে গবেষণা করতে ২০১২ সালে মাঠে নেমেছিল কেমব্রিজ ইউনিভার্সিটি। ওই গবেষণার প্রতিবেদন অনুযায়ী, পুলিশ বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার শুরু করার পর তাদের বিরুদ্ধে অভিযোগ কমে গিয়েছিল শতকরা ৮৮ শতাংশ। আর পুলিশ বাহিনীর সদস্যদের প্রয়োজনের তুলনায় বেশি বল প্রয়োগের ঘটনা কমেছিল ৬০ শতাংশ।