২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩.২ বিলিয়নে ‘বিটস’ কিনছে অ্যাপল!

সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় হেডফোন নির্মাতা ‘বিটস ইলেকট্রনিক্স’কে কিনে নিচ্ছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 01:43 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শুক্রবার প্রায় প্রতিটি প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইটে প্রধান খবর ছিল এই বিলিয়ন ডলার ক্রয়। প্রতিটি সংবাদেই অবশ্য উল্লেখ করা হয়েছে, ৩২০ কোটি ডলারে বিটসকে কিনে নেয়ার ওই ডিল ‘প্রায় চূড়ান্ত’।

৩২০ কোটি ডলারের তথ্যটি সঠিক হলে এটাই হবে অ্যাপল ইতিহাসে সবচেয়ে দামী ক্রয়। বিবিসির খবরে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

হেডফোনে গান শোনার ক্ষেত্রে সংগীতপ্রেমীদের কাছে ব্র্যান্ড হিসেবে বোস বা সিনাইজারের মতো বিটসও প্রথম সারির বলে বিবেচিত; বিশেষ করে, শ্রোতাদের মধ্যে যারা হাই বেইজ এবং লাউডার ভোকাল ইফেক্ট পছন্দ করেন তাদের মধ্যে বিটসের জনপ্রিয়তা বেশি বলে মনে করা হয়। বাজারে বর্তমানে প্রচলিত বিটস হেডফোন মডেলগুলোর খুচরা মূল্য ১৫০ থেকে ৪০০ ডলারের মধ্যে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফরেস্টারের জেমস ম্যাকুইভি এই সম্ভাব্য ক্রয় সম্পর্কে মন্তব্য করেছেন, “বিষয়টা ধাঁধাময়”। তার মতে, বিটস কেনার ফলে অ্যাপল নতুন কোনো প্রযুক্তি পাবে না। ম্যাকুইভির মতে, “অ্যাপলের আস্তিনের তলায় আরো কিছু আছে”।

“তবে, অ্যাপল হেডফোনের জন্য বিটসকে কিনছে না।”— মন্তব্য করেছে প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল। বিটস হেডফোন বিক্রির পাশাপাশি স্ট্রিমিং মিউজিক সার্ভিসও চলাচ্ছে। “বিটসের মিউজিক স্ট্রিমিং সার্ভিস অ্যাপলের কব্জায় গেলে বাজারে সংগীত পরিবেশক হিসেবে অ্যাপলের ধারেকাছে কেউ দাঁড়াতে পারবে না”— বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।

“এই সম্ভাব্য ডিল সনি, ইউনিভার্সাল বা ইএমআই রেকর্ডস নির্বাহীদের রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট।”

অ্যাপল ইতোমধ্যেই তাদের ‘আইটিউনস’ সেবার মাধ্যমে বিশ্বে সবচেয়ে বড় মিউজিক স্টোর হিসেবে জায়গা করে নিয়েছে।

জেমস ম্যাকুইভির মতে, ৩২০ কোটি ডলারও বিটসের প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি। “বিটসের বাজার মূল্য বড়জোর ১০০ কোটি ডলার হতে পারে”—বলেন তিনি।

২০১৩ সালের শুরুতে অ্যাপল সিইও টিম কুক লস এঞ্জেলস সফরকালে বিটস সিইও জিমি উয়োভাইনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠককে তখন তেমন গুরুত্ব দেয়নি সংবাদমাধ্যমগুলো।

সংগীত প্রযোজক জিমি ইয়োভাইন এবং র্যাপার আন্দ্রে ড. ড্রে ইয়ং ২০০৮ সালে বিটস প্রতিষ্ঠা করেন। বিটস এইবছরই তাদের স্ট্রিমিং মিউজিক সবা শুরু করে।