২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টওয়াচ বানাচ্ছে মাইক্রোসফট!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও বানাচ্ছে স্মার্টওয়াচ! ২০১২ সালে মাইক্রোসফটের জমা দেওয়া “ওয়্যারেবল পার্সোনাল ইনফর্মেশন সিস্টেম’ শিরোনামের পেটেন্ট আবেদনে ছোট ডিসপ্লের এমন একটি ডিভাইসের কথা বলা হয়েছে যা কিনা আর্ম ব্যান্ডের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবহার করা যাবে স্মার্টওয়াচ হিসেবে। শুধু তাই নয়, অন্য ফিটনেস ইকুইপমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে পার্সোনাল ফিটনেস রেকর্ডার হিসেবেও কাজে লাগানো যাবে এটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:48 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত ওই পেটেন্টে আবেদনের তথ্য অনুযায়ী স্মার্টওয়াচটি ব্যবহারকারীর অবস্থান চলাফেরার রুটের উপর নজর রাখবে জিপিএসের মাধ্যমে। এছাড়াও মোশন সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর নড়াচড়া আর অপটিকাল সেন্সর দিয়ে হৃদস্পন্দনের উপর লক্ষ রাখবে স্মার্টওয়াচটি।

মাইক্রোসফট স্মার্টওয়াচ নিয়ে গোপনে কাজ করে চলেছে, এই খবরে অবাক হননি টেক বোদ্ধাদের অনেকেই।

“মাইক্রোসফট স্মার্টওয়াচ প্রযুক্তির সংস্পর্শে আছে বেশ অনেকদিন ধরেই। সেইসঙ্গে এখন নোকিয়া আছে মাইক্রোসফটের মালিকানায়। মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারদের একটা দল গোপনে স্মার্টওয়াচ প্রযুক্তি নিয়ে কাজ করছে এতে আসলে অবাক হওয়ার কিছু নেই।”-- বলেছেন সিসিএস ইনসাইটের চিফ অফ রিসার্চ বেন উড।

গার্ডিয়ান জানিয়েছে, কেবল ফিটনেস ডিভাইস হিসেবে নয়; মিউজিক প্লেয়ার, অ্যালার্ম ক্লক, মেসেজিং আর ফোন কল করতেও ব্যবহার করা যাবে মাইক্রোসফটেল স্মার্টওয়াচ। বিং সার্চ, কর্টানা ভয়েস অ্যাসিসট্যান্ট আর স্কাইপের মতো প্রযুক্তিও স্মসার্টওয়াচটিতে যোগ হতে পারে বলে জানিয়েছে গার্ডিয়ান।

ওই পেটেন্টের আবেদনে স্মার্টওয়াচটির জন্য বিশেষ ডক স্ট্যান্ডের কথাও বলা হয়েছে যাতে রাতের বেলা চার্জ করার পাশাপাশি অ্যালার্ম ঘড়ি হিসেবেও কাজ করবে স্মার্টওয়াচটি।

স্মার্টফোন বাজারের মতো স্মার্টওয়াচের বাজারেও মাইক্রোসফটকে কঠিন লড়াইয়ের মুখে পরতে হবে সে ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সনি আর পেবলের মতো বাজারে প্রতিষ্ঠিত স্মার্টওয়াচ ব্র্যান্ডগুলোতো বটেই, মাইক্রোসফটের সম্ভাব্য প্রতিযোগীর তালিকায় আছে চির প্রতিদ্বন্দ্বী অ্যাপলও। অ্যাপল স্মার্টওয়াচ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ডিভাইসটি যে এখন শুধু সময়ের ব্যাপার তা আর বলার অপেক্ষা রাখে না।

আর দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং তো আছেই। বাজারে এর মধ্যেই বিক্রি হচ্ছে স্যামসাংয়ের গিয়ার সিরিজের স্মার্টওয়াচগুলো। মুক্তির অপেক্ষায় আছে স্যামসাংয়ের নিজস্ব টিজেন অপারেটিং সিস্টেমের স্মার্টওয়াচ। এখন পর্যন্ত স্যামসাংয়ের স্মর্টওয়াচ নিয়ে সন্তুষ্ট নন ক্রেতাদের অনেকেই। কেনার ৬ মাসের মধ্যেই ব্যাটারি লাইফ কম হওয়া আর সীমিত ফিচারের কারণে স্মার্টওয়াচ ব্যবহার বন্ধ করে দিয়েছেন অনেকেই। তারপর মাইক্রোসফটের জন্য স্যামসাং যে বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে তার ইঙ্গিত পাওয়া যাবে অ্যাপল বনাম স্যামসাং যুদ্ধের ইতিহাস ঘাঁটলেই।  

প্রযুক্তির জগতের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র এখন স্মার্টফোনের বাজার। নতুন নতুন ডিজাইন, ডিভাইস আর প্রযুক্তি পণ্য আর পেটেন্ট পরিণত হয়েছে যুদ্ধাস্ত্রে। যুদ্ধের ব্যপ্তিটা শুধু প্রযুক্তি পণ্যের বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াইয়ের আসল উত্তাপ পৌঁছে গেছে আদালত কক্ষেও।

“আর প্রযুক্তিজগতের এই যুদ্ধের ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্র হতে চলেছে স্মার্টওয়াচের বাজার।”-- মন্তব্য বেন উডের।