জিএস ফাইভ ছাড়লেন ডিজাইন চিফ
স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এসফাইভ (জিএস ফাইভ) নিয়ে সমালোচনার মুখে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির মোবাইল ডিজাইন ইউনিটের চিফ চ্যাং ডং-হুন। তার জায়গায় স্যামসাংয়ের স্মার্টফোন ডিজাইন চিফ হচ্ছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অফ মোবাইল ডিজাইন লি মিন-হিউওক।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মোবাইল ডিজাইন ইউনিট প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও স্যামসাং ছাড়ছেন না ডং-হুন। প্রতিষ্ঠানটির ডিজাইন স্ট্র্যাটিজি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এ ব্যাপারে এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্যামসাংয়ের বক্তব্য-- “এই ঘটনার ফলে ডিজাইন স্ট্র্যাটিজি টিমের প্রধান হিসেবে কাজে আরও মনোযোগ দিতে পারবেন এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ডং-হুন।”
টেকবোদ্ধা আর সমালোচকদের মতে গ্যালাক্সি এসফোরের সঙ্গে এস ফাইভের পার্থক্যটা খুব বেশি নয়। বরাবরের মতো এস ফাইভেও প্লাস্টিকের কেসিং ব্যবহারের যৌক্তিকতাই-বা কতটুকু এমন প্রশ্ন তুলেছিলেন সমালোচক ও ব্যবহারকারীদের অনেকেই।
“হার্টরেট মনিটর আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বাড়তি হার্ডওয়্যার আর সফটওয়্যার আপডেট বাদ দিলে এস ফাইভের সঙ্গে ২০১৩ সালের এস ফোরের কোনো পার্থক্য নেই।”-- নিজের রিভিউয়ে এমন মন্তব্য করেছিলেন সিনেট প্রতিবেদক জেসিকা ডলকোর্ট।
শুধু ডলকোর্ট নয়, গ্যালাক্সি এস ফাইভের ‘প্লাস্টিক ফিল’ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন সমালোচকদের অনেকেই। এমনকি সঙ্গে গলা মিলিয়েছিলেন ক্রেতারাও। আর সর্বশেষ ক্যামেরা জটিলতার কারণে বেশ কিছু গ্যালাক্সি এস ফাইভ রিপ্লেস করতে বাধ্য হয়েছে স্যামসাং।
